ইরান কি কেবল বেসামরিক পরমাণু কর্মসূচির নীতি থেকে সরে আসবে?

ইরানের তেহরানের একটি সড়কে ডোনাল্ড ট্রাম্প, বেনইয়ামিন নেতানিয়াহু, জেডি ভ্যান্স ও স্টিভ উইটকফের ছবি সংবলিত ব্যানার
বিদেশে এখন
0

ইরানের দীর্ঘদিনের পরমাণু নীতিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত দেশের চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে—সেই চাহিদা যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন। আজ শনিবার ইরানি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আরাঘচির এই মন্তব্যের পর জল্পনা বেড়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান হয়তো পরমাণু কর্মসূচিকে কেবল বেসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রাখার নীতি থেকে সরে আসছে।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ এখন একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন জোর দিয়ে বলছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আগে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না—এমন নিশ্চয়তা তাদের পেতে হবে।

ইরানের আনুষ্ঠানিক পরমাণু নীতি কী?
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা ও কৃষির মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জারি করা কয়েক দশকের পুরোনো এক ধর্মীয় অনুশাসন বা ফতোয়ার মাধ্যমে এই নীতিকে ভিত্তি দেয়া হয়েছিল, যেখানে পরমাণু অস্ত্র তৈরি নিষিদ্ধ করা হয়। তবে ইরান এও জোর দিয়ে বলে আসছে যে ১৯৭০ সালে যোগ দেয়া পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে এবং এই অধিকারের প্রশ্নে কোনো আপস করা হবে না।

আরাঘচি ও অন্য কর্মকর্তারা কী বলেছেন?
আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আরাঘচি পুনর্ব্যক্ত করেন যে ইরানের সমৃদ্ধ করা পারমাণবিক উপাদানের মজুত দেশের ভেতরেই থাকবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ওই বছরের জুনে ইরানে ইসরাইলের হামলার আগে দেশটির কাছে প্রায় ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি (৯৭০ পাউন্ড) ইউরেনিয়াম ছিল। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ মাত্রার চেয়ে এটি কম হলেও এই পর্যায় থেকে খুব দ্রুত ৯০ শতাংশে পৌঁছানো সম্ভব। আবার বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রায় ৩ শতাংশ মাত্রার চেয়ে এটি অনেক বেশি। আরাঘচি সাক্ষাৎকারে বলেন, এই উপাদান আমাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে, সেই চাহিদা যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন।

ইরানের আইনপ্রণেতা ও কর্মকর্তাদের মধ্যে পরমাণু নীতি পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের কথা উল্লেখ করে আরাঘচি বলেন, এই বিতর্কের উভয় পক্ষের কাছেই জোরালো যুক্তি রয়েছে। তিনি বলেন, ‘এটি একটি বড় কৌশলগত বিতর্ক। জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত হওয়ায় এটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখায় কোনো দোষ নেই।’ আরাঘচি জানান, নীতি সংস্কারের পক্ষের ব্যক্তিরা যুক্তি দিচ্ছেন যে পরমাণু অস্ত্র না রাখার বর্তমান অবস্থান দেশের পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং গত বছর ও চলতি বছর মার্কিন ও ইসরাইলি বাহিনী সেগুলোতে হামলা চালিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই নীতি পরিবর্তন করা হলে তার সুদূরপ্রসারী পরিণতি হবে বলেও স্বীকার করেন আরাঘচি। তিনি বলেন, ‘আপাতত আমাদের নীতি বদলায়নি এবং আমাদের আনুষ্ঠানিক অবস্থান আগের মতোই রয়েছে।’

ইরানের অন্য কর্মকর্তারাও পরমাণু নীতি পর্যালোচনার সম্ভাবনার কথা বলেছেন। চলতি মাসের শুরুতে নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি বলেন, নতুন করে যুদ্ধ শুরু হলে আমরা আগের পরমাণু নীতিই অনুসরণ করে যাব কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে তেহরান এখনো কোনো পরিবর্তন আনেনি বলেও জানান তিনি। এছাড়া গত ১২ নভেম্বর দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগকারী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস জানায়, দেশের প্রতিরক্ষা নীতি পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় প্রতিরোধ সক্ষমতা গড়ে তোলা অপরিহার্য হয়ে পড়েছে। সেন্টার ফর মিডল ইস্ট অ্যান্ড গ্লোবাল অর্ডারের (সিএমইজি) পরিচালক ও জার্মান-ইরানি রাষ্ট্রবিজ্ঞানী আলী ফাতহোল্লাহ-নেজাদ আল জাজিরাকে বলেন, অ্যাসেম্বলি অব এক্সপার্টসের এই পদক্ষেপের মাধ্যমে সম্ভবত প্রথমবারের মতো কোনো শাসনতান্ত্রিক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই অবস্থানকে সমর্থন দিল।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেন মনে করে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে?
১৯৭০ সালে এনপিটিতে স্বাক্ষরের পাশাপাশি ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি (জেসিপিওএ) শুরুতে মেনে চলেছিল ইরান। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮ সালে ওয়াশিংটন ওই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরান বিধিনিষেধ ত্যাগ করে পরমাণু কর্মসূচি আবারও জোরদার করে। ২০২৫ সালের জুনে আইএইএর বোর্ড অব গভর্নরস ঘোষণা করে যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক সুরক্ষা প্রতিশ্রুতি মেনে চলছে না। তেহরান ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে এবং অভিযোগ তোলে যে এর মাত্র কয়েক দিন পর ১২ দিনের যুদ্ধে ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানসহ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অজুহাত তৈরি করে দিয়েছে আইএইএ।

চলতি বছরের মার্চে আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানান, মার্কিন-ইসরাইলি হামলার পরও ইরানের অন্তত ২০০ কেজি (৪৪০ পাউন্ড) সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তা সম্ভবত ইসফাহান পারমাণবিক স্থাপনার ভেতরে বা কাছে মাটির নিচে রাখা আছে। প্রবেশাধিকার না থাকায় এই উপাদানের পরিমাণ বা অবস্থান যাচাই করা যাচ্ছে না বলে জানিয়েছেন গ্রোসি। আইএইএ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রাকে ‘গুরুতর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেছে। গত মাসে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রশ্ন তোলেন, পরমাণু অস্ত্র না চাইলে ইরানের কেন ৬০ শতাংশ সমৃদ্ধ জ্বালানি প্রয়োজন? প্রেসিডেন্ট ট্রাম্পও বারবার বলেছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া যাবে না। অন্যদিকে নিজেরা অঘোষিত পরমাণু অস্ত্রের অধিকারী বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও ইসরাইল দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ করে আসছে। ইসরাইলের বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে এক ভাষণে বলেন, ইসরাইলকে ধ্বংস করতে চাওয়া ইরানি শাসকগোষ্ঠী আবারও পরমাণু কর্মসূচি পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে এবং এই অস্তিত্বের হুমকি চিরতরে দূর করতে হবে।

ইরান কি আনুষ্ঠানিকভাবে পরমাণু অস্ত্র না তৈরির নীতি পরিবর্তন করবে?
লুন্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও মানবাধিকার অধ্যয়ন বিভাগের গবেষক ও ইরান বিশ্লেষক রুজবেহ পারসি আল জাজিরাকে বলেন, বিষয়টি দেখার অপেক্ষায় থাকলেও তা ‘সম্ভাবনার গণ্ডির ভেতরেই’ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি যুদ্ধ তেহরানের সব হিসাব-নিকাশ বদলে দিয়েছে এবং প্রয়াত আয়াতুল্লাহর ফতোয়া বহাল রাখা হবে কি না, তা নিয়ে এখন অনেক বেশি প্রকাশ্য আলোচনা হচ্ছে। এনপিটি ছেড়ে পরমাণু অস্ত্র তৈরির যে মতামত আগে প্রান্তিক হিসেবে দেখা হতো, তা এখন সম্ভাবনার ভেতরে চলে এসেছে।

ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন মেবন বলেন, ইরানের পরমাণু নীতি পরিবর্তনের পেছনে একটি যৌক্তিক আত্মরক্ষামূলক কারণ সামনে আসছে। কারণ প্রচলিত পারমাণবিক যুক্তি অনুযায়ী, অন্য রাষ্ট্রের হামলা ঠেকাতে পরমাণু অস্ত্র শক্তিশালী প্রতিরক্ষামূলক ভূমিকা রাখে। তবে এমন পরিবর্তন এনপিটির শর্ত ও চেতনার পরিপন্থী হওয়ায় তা আইনগত ও নৈতিকভাবে বড় সমস্যার জন্ম দেবে।

অন্যদিকে বিশ্লেষক ফাতহোল্লাহ-নেজাদ জানান, পরমাণু কর্মসূচির দিকনির্দেশনা নিয়ে ইরান সরকারের ভেতরে গভীর বিভাজন রয়েছে। কট্টরপন্থি আইনপ্রণেতা ও ধর্মীয় নেতারা শাসনব্যবস্থার নিরাপত্তা ও প্রতিরোধের জন্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে অপরিহার্য মনে করেন। কিন্তু সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফসহ অপর একটি অংশ পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করে বলছেন, এতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন হামলা প্রায় অনিবার্য হয়ে উঠবে। আপাতত ইরান তাদের পরমাণু নীতি নিয়ে একধরনের অস্পষ্টতার খেলা খেলছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার ক্ষেত্রে এর অর্থ কী?
ফাতহোল্লাহ-নেজাদের মতে, ইরানের পরমাণু নীতিতে পরিবর্তন এলে তা এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় লক্ষ্য—অর্থাৎ তেহরানের কাছ থেকে পারমাণবিক ছাড় আদায়ের চেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করবে। যুক্তরাষ্ট্র যেকোনো আলোচনার শুরুতেই ইরানের কাছ থেকে পারমাণবিক প্রতিশ্রুতি চায়। অন্যদিকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগেই অবরোধ প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত পাওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধসহ নিজেদের সাতটি শর্তের বাস্তবায়ন চায়।

অধ্যাপক মেবন বলেন, ইরানের পরমাণু নীতিতে পরিবর্তন এলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংঘাতের পরবর্তী ধাপকে কীভাবে দেখবে, তার ওপর নাটকীয় প্রভাব পড়বে। ইসরাইল হয়তো মনে করবে এর জবাবে আবারও সহিংসতায় ফিরে যাওয়া প্রয়োজন। ইরানের নীতি পরিবর্তন আত্মরক্ষার উদ্দেশ্যে করা হলেও তাকে সহজেই আক্রমণাত্মক হিসেবে দেখা হতে পারে। তাই বর্তমান মুহূর্তটি অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেন তিনি।

—আল জাজিরার প্রতিবেদনে অবলম্বনে

এএম