ইউপি নির্বাচন: জেলা ভিত্তিক ভোটকেন্দ্র ও ভোটারের তথ্য চেয়েছে ইসি

নির্বাচন কমিশনের লোগো
দেশে এখন
0

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে পাঁচটি ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ এবং ভোটার সংখ্যার তথ্য প্রেরণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি সামগ্রী বিতরণের পরিকল্পনা প্রণয়নের জন্য পাঁচটি ধাপের জেলা ভিত্তিক ভোটকেন্দ্র, ভোটকক্ষ ও ভোটার সংখ্যার তথ্য প্রয়োজন। উক্ত তথ্য সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসারে নিকট হতে সংগ্রহপূর্বক আগামী ২৫ নভেম্বরের মধ্যে নির্বাচন সহায়তা-৩ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

সম্প্রতি পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে ইসি। তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।—বাসস

এএইচ