পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ইতালির কোস্ট গার্ড প্রধান

বাংলাদেশ কোস্ট গার্ডের মহড়া দেখছেন সার্জিও লিয়ার্দো
দেশে এখন
0

বাংলাদেশ সফর করেছেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো। বাংলাদেশ ও ইতালির মধ্যে সামুদ্রিক নিরাপত্তা, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে ২১ থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিনি এ সফর করেন। সফর শেষে আজ (বুধবার, ২৫ নভেম্বর) তিনি বাংলাদেশ ত্যাগ করেন। বাংলাদেশ কোস্ট গার্ডের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সফরের অংশ হিসেবে গত ২২ নভেম্বর ২০২৬ বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে যান ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয় এবং গার্ড অব অনার দেয়া হয়।

সফরকালে তিনি বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের (কমচিট) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশ কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সফরের তৃতীয় দিনে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট চট্টগ্রামে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের বিভিন্ন অপারেশনাল সক্ষমতা এবং বোট ওয়ার্কশপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূর্ব জোনের জোনাল কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জোনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে ব্রিফিং নেন।

এছাড়া সফরকালে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ ও যৌথ মহড়ার বিষয়ে আলোচনা হয়। ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারিত্বের প্রশংসা করেন। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ (এমডিএ), মহাকাশ ও আকাশ প্রযুক্তি, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম (এসএআর) এবং জলদস্যুতা দমনে ইতালির অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেয়ার আগ্রহ প্রকাশ করেন।

কোস্ট গার্ডের ফেসবুক পোস্টে আরও জানানো হয়, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক সুদৃঢ় হওয়া, পেশাগত দক্ষতা ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময় এবং সামুদ্রিক নিরাপত্তা ও সামুদ্রিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এএম