দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য
দেশে এখন
0

দেশে গত এক বছরে এইডস বা এইচআইভি শনাক্ত রোগীর সংখ্যা ২২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ সময়ে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬১৮ জনে।

বিশ্ব এইডস দিবস উপলক্ষে আজ (রোববার, ২৯ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে এ পরিসংখ্যান প্রকাশ করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬ সালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে মোট ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩০৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। আগের বছর ২০২৫ সালে নতুন শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন শনাক্ত রোগীদের ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের। জনগোষ্ঠীভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এদের মধ্যে ৫০ শতাংশ পুরুষ সমকামী (এমএসএম), ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ), ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর। এ ছাড়া ৫ শতাংশ রোহিঙ্গা, ১১ শতাংশ প্রবাসফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ সাধারণ জনগোষ্ঠীর।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, নতুন আক্রান্তদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে, ২৪ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সের। আক্রান্তদের একটি বড় অংশ তরুণ ও শিক্ষার্থী হওয়ায় বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। বৈবাহিক অবস্থার হিসাবে আক্রান্তদের ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ বিবাহবিচ্ছিন্ন বা একা বসবাসকারী।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে এইচআইভি আক্রান্তের অনুমিত সংখ্যা ১৯ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ১৬ হাজার ৬১৮ জন শনাক্ত হলেও এখনো তিন হাজারের বেশি সংক্রমিত ব্যক্তি শনাক্তের বাইরে রয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০২৬ সালে এইচআইভি আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে, যা আগের বছর ছিল ২৫৪ জন। তবে নতুন শনাক্ত রোগীদের চিকিৎসার আওতায় আনার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। চলতি বছর শনাক্তদের ৮৭ দশমিক ৮ শতাংশকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

তিনি আরও জানান, সরকারি অর্থায়ন ও গ্লোবাল ফান্ডের সহায়তায় বর্তমানে ২০ জেলার ২৩টি সরকারি হাসপাতালে এইচআইভি পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতাল এবং ৮টি এনজিও পরিচালিত ড্রপ-ইন সেন্টারে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। বর্তমানে ১০ হাজার ১১৪ জন রোগীকে বিনা মূল্যে এআরভি ওষুধ দিচ্ছে সরকার।

এ ছাড়া দেশের ৪২ জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে প্রতিরোধ কার্যক্রম চলছে। ১১ জেলার ১২টি কারাগার এবং কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবিরেও পরীক্ষা ও চিকিৎসাসেবা চালু রয়েছে।

‘সেবা বাড়াই, এইডস কমাই’ প্রতিপাদ্যে আগামী ১ ডিসেম্বর দেশে বিশ্ব এইডস দিবস পালিত হবে। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এএম