সমুদ্রসীমা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

বানৌজা শের-ই-বাংলায় কৃতী নবীন নাবিকের হাতে পদক তুলে দিচ্ছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম
দেশে এখন
0

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক। দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে আজ রোববার (২৯ নভেম্বর) পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে তাদের বুটক্যাম্প প্রশিক্ষণ সম্পন্ন হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে পেশাগত ও সব বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষ অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন মো. সেজান মাহমুদ। এছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে মো. মুজাহিদুল ইসলাম ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অধিকার করে মো. শাকিল হাসান ‘শের-ই-বাংলা পদক’ পান।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান তাঁর ভাষণে মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সব বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষ অত্যন্ত প্রশংসনীয়।

কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি এবং নবীন নাবিকদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এএম