আজ (বুধবার, ৭ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের অনুমোদন দেয়া হয়। বিনিয়োগকারীদের স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন কাঠামোয় দুই কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকছেন সালমান এফ রহমানের বড় ভাই এএসএফ রহমান (আহমেদ সোহাইল ফসিহুর রহমান)। দুই কোম্পানির জন্যই একই ধরনের পর্ষদ কাঠামো অনুমোদন করা হয়েছে।
নতুন পর্ষদে পরিচালক হিসেবে থাকছেন ইকবাল আহমেদ, ওকে চৌধুরী, আজমল কবির ও কামরুন নাহার আহমেদ। করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী পর্ষদে স্বাধীন পরিচালকও রাখা হচ্ছে। শাইনপুকুর সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী একই সঙ্গে বেক্সিমকোরও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন:
এর আগে গত সপ্তাহে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পর্ষদ গঠনের অনুমোদন দেয় বিএসইসি। সেখানে চেয়ারম্যান হিসেবে তার ভাই এএসএফ রহমানকে রাখা হয়।
সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং দীর্ঘদিন ধরে গ্রুপটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে ছিলেন। বেক্সিমকোর তালিকাভুক্ত তিন কোম্পানি—বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে তিনি ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিএসইসির এ সিদ্ধান্তের ফলে তিনটি তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া সম্পন্ন হলো। নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল দীর্ঘদিনের পরিচালনাগত ও নিয়ন্ত্রক জটিলতা কাটিয়ে কোম্পানিগুলোর কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে।





