পীর চরমোনাই বলেন, ‘মক্কা ও মদিনায় সতর্কতামূলক সাইরেন বাজার ঘটনায় গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। হারামাইন তথা মক্কা ও মদিনা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ দুই পবিত্র শহর কোনো রাষ্ট্রীয় রাজনীতি বা সংঘাতের বিষয় হওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘মক্কা-মদিনার নিরাপত্তাকে সব রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখতে হবে।’
হুতিদের পক্ষ থেকে মক্কা-মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি সৃষ্টি না করার বার্তা পাওয়াকে স্বস্তির বিষয় হিসেবে উল্লেখ করেন রেজাউল করীম। তিনি বলেন, ‘এই অবস্থানের ওপর তাদের অটল থাকতে হবে।’
আরও পড়ুন:
একইসঙ্গে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেহেতু সৌদি সরকারের, তাই এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যার কারণে পবিত্র দুই শহরের প্রতি কোনো ধরনের হুমকি তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, মক্কা-মদিনা ও জাজিরাতুল আরবের শান ও মর্যাদা রক্ষা করাও সৌদি সরকারের দায়িত্ব।’
হারামাইনের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, ‘হারামাইনের নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের জনগণ সৌদি আরবের পাশে আছে এবং থাকবে।’





