রোববার মেক্সিকোর গুয়াদালাহারায় দলের অনুশীলন ক্যাম্পে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন হং মিয়ং-বো। আগের দিন অন্যান্য গ্রুপের ফল নিশ্চিত হওয়ার পর স্পষ্ট হয়ে যায়, সেরা আট তৃতীয় স্থানের দলের একটি হিসেবেও শেষ বত্রিশে জায়গা হচ্ছে না দক্ষিণ কোরিয়ার।
২০২৪ সালের জুলাইয়ে ইয়ুর্গেন ক্লিন্সমানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন হং। তাঁর অধীনেই টানা একাদশবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিন, লি কাং-ইন ও কিম মিন-জায়ের মতো তারকাদের নিয়ে এবার নকআউটে ওঠার প্রত্যাশাও ছিল অনেক।
আরও পড়ুন:
বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে। কিন্তু এরপর সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে টানা দুই হারে গ্রুপ 'এ'-তে তৃতীয় হয় কোরিয়ানরা। অন্য গ্রুপের ফলও তাদের পক্ষে না আসায় শেষ হয়ে যায় নকআউটে ওঠার আশা।
পদত্যাগের ঘোষণা দিয়ে হং বলেন, প্রত্যাশিত ফল এনে দিতে না পারার পুরো দায় তাঁর। তবে জাতীয় দলের দায়িত্ব ছাড়লেও কোরিয়ান ফুটবলের সঙ্গেই থাকবেন তিনি।
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং। দল নির্বাচনে স্বজনপ্রীতি ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে দেশে ফেরার আগে হংয়ের বিরুদ্ধে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।





