নেশনস লিগ: বাঁচা-মরার ম্যাচে আজ বেলজিয়ামের মুখোমুখি ইতালি

উয়েফা নেশনস লিগে বেলজিয়ামের খেলোয়াড়ের সঙ্গে বল দখলের লড়াইয়ে ইতালির নিকোলো বারেল্লা
এখন মাঠে
0

উয়েফা নেশনস লিগের শেষ আটে জায়গা করে নেওয়ার লড়াই এখন জমে উঠেছে। আজ রাতে বাঁচা-মরার ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইতালি। অন্যদিকে হাইভোল্টেজ এক দ্বৈরথে মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ড।

ব্রাসেলসে ইতালি ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচটি সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। কোচ রবার্তো মানচিনির অধীনে অনুশীলনে দেখা গেছে ডোন্নারুম্মা, বারেল্লা, তোনালি ও বাস্তোনিদের। গ্রুপ ‘এ’তে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইতালি।

সমান ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। চোট কাটিয়ে জেরেমি ডোকুর ফেরার সম্ভাবনা বেলজিয়ামের আত্মবিশ্বাস আরও বাড়াচ্ছে।

এদিকে মাদ্রিদে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। এই ম্যাচ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামসরা। গ্রুপ ‘সি’তে পাঁচ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষে রয়েছে স্পেন। চার ম্যাচে চার জয় নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড। দুই দলই এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। রাতের আরেক ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে তুরস্ক।

এএম