এর আগে গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যটির বীরভূম জেলার শান্তিনিকেতন থানার লায়েক বাজার এলাকায় দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে। গুলিতে আহত হয় শান্তিনিকেতন পুলিশ থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
এরপরই গা ঢাকা দেয় অভিযুক্ত ব্যক্তি। রোববার দুপুরের দিকে অভিযুক্ত রতন শেখকে নানুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয় পুলিশের ওপরে হামলায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা কোথায় আছে?
এ অস্ত্রের খোঁজে বিকালের দিকে নানুরে একটি ইট ভাঁটায় তল্লাশি অভিযান চালায় শান্তিনিকেতন থানার পুলিশ। সে সময় পুলিশকে লক্ষ্য করে ফের গুলি চালানোর অভিযোগ ওঠে রতনের বিরুদ্ধে। তখনই আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। তাতেই ৩৭ বছর বয়সী রতন শেখের মৃত্যু হয়। পরে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
এর আগে শুক্রবার দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানোর সময় পুলিশের উপরে গুলি রতন শেখ চালালে সেই গুলিতে আহত হয় শান্তিনিকেতন পুলিশ থানার কনস্টেবল বিশ্বজিৎ দাস। গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের গুলিতে রতন শেখের মৃত্যুর পরই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘বাংলায় ধর্ষক, গুণ্ডা, খুনি এদের কোনো জায়গা নেই। এটা মেনে নিয়ে চলতে হবে। পুলিশকে গুলি মারলে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা তার ব্যবস্থা নেবে।’
এ সময় অপরাধীদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাই বাংলাদেশ ভাগো। এখানে থাকলে যা করার করে দেব। পশ্চিমবঙ্গে একজনও ধর্ষক, গুণ্ডা থাকবে না।’
গত মে মাসে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে (এনকাউন্টার) পাঁচটি মৃত্যুর ঘটনা ঘটলো। নিহত ব্যক্তিরা ধর্ষণ, খুন কিংবা পুলিশের উপর হামলার ঘটনায় অভিযুক্ত।
গত জুলাই মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এনকাউন্টার করা হয়। এরপর একে একে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা, মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, সর্বশেষ সংঘর্ষের ঘটনাটি ঘটলো বীরভূম জেলার বোলপুরে।
ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার আসার পরে সেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অভিযুক্তদের এনকাউন্টার করে মারার অভিযোগ রয়েছে। ফলে যোগীর রাজ্যের মানুষ এনকাউন্টার শব্দের সাথে পরিচিত হলেও পশ্চিমবঙ্গের মানুষ এই শব্দটির সাথে অতটা পরিচিত নয়। যদিও গত ছয় মাসে অপরাধীদের দমন করতে এনকাউন্টারের উপরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সরকার বা প্রশাসনের এ কর্মকাণ্ডের সমালোচনা করে বিরোধীদের অভিযোগ এভাবে মৃত্যুর ফলে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে।





