শেষ ওয়ানডেতে সিরিজ নির্ধারণ: মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান দ্বৈরথ

বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ ২০২৬
ক্রিকেট
এখন মাঠে
0

সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে সমানে সমান স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ নির্ধারণী ম্যাচে আজ (রোববার, ১৪ মার্চ ) মুখোমুখি দুই দল। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুইটায় মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ১১৪ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে স্বাগতিকরা মুদ্রার উল্টোপিঠও দেখে পরের ম্যাচেই। এবার পাকিস্তানকে ২৭৪ রানে থামিয়ে রান তাড়া করতে নেমে টাইগাররা অল আউট হয় ১১৪ রানে।

মিরপুর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যেখানে দুই দলের লক্ষ্য একটাই, জয় পাওয়া।

সিরিজের দুই ম্যাচেই পরাজিত দলের হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা। সিরিজ জিততে কী করা প্রয়োজন তা জানিয়েছেন জাতীয় দলের বোলিং কোচ তালহা জুবায়ের।

বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ তালহা জোবায়ের বলেন, ‘পাকিস্তান প্রথমদিন থেকে শিক্ষা নিয়ে ব্যাটিং করেছে, তারা ভুল ঠিক করে ২য় ম্যাচ থেকে কামব্যাক করেছে। ২য় ম্যাচে আমাদেরও ভুল ছিলো। আমরা সেগুলো যদি ওভারকাম করতে পারি তাহলে ভালো হবে। যার মিসটেকের সংখ্যা কম থাকবে তার দিকেই গেমটি থাকবে। তাই আমাদের যে ভুলগুলো ছিলো তা যদি মিনিমাইজ করতে পারি, তাহলে আমাদের দিকেই গেমটি থাকবে।’

আরও পড়ুন:

দুই দলের মাঝে নিজেদের বোলিং অ্যাটাককেই এগিয়ে রাখছেন তালহা। তবে ম্যাচ জিততে অভিজ্ঞতাকে কাজে লাগানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

তালহা জোবায়ের আরও বলেন, ‘তাসকিন আর মুস্তাফিজের কথা চিন্তা করলে আমরা অবশ্যই এগিয়ে থাকবো। তারা বেশি ম্যাচ খেলেছে তাদের উইকেটও বেশি। পাকিস্তানের আফ্রিদি ছাড়া তাসকিন আর মুস্তাফিজের মতো উইকেট কারও নেই। এক্সপেরিয়েন্স সবসময় কাজে লাগে না, যদি আপনি পারফর্ম করতে না পারেন। আপনার যে এক্সপেরিয়েন্স আছে এটি যদি আপনি রেগুলার সো করতে পারেন, তাহলে ব্যাটসম্যান থেকে আপনি রেসপেক্ট গেইন করেন।’

ঘরের মাঠে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চাইবে টাইগাররা।

এফএস