উপদেষ্টা কমিটি গঠনের ১ মাস পর প্রথম বৈঠক। দেশের ক্রীড়াঙ্গনের সমস্যা চিহ্নিতকরণ এবং উন্নয়নের জন্য গঠিত এই কমিটির সঙ্গে আলোচনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দিলেন কমিটির কার্যক্রম নিয়ে নানা দিক নির্দেশনা।
বৈঠক শেষে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক আমিনুল ইহসান জানালেন দেশের ক্রীড়াঙ্গনে সমস্যা সমাধানে গঠিত উপদেষ্টা কমিটির কার্যক্রম দ্রুতই দৃশ্যমান হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল ইহসান বলেন, ‘যে কমিটি করা হয়েছে তারা সবাই খুব প্রজ্ঞাবান মানুষ। উনারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ এবং উনারা এ কমিটির মাধ্যমে আমাদের ক্রীড়াঙ্গনকে আরও উজ্জ্বল করার জন্য ভূমিকা রাখতে পারবেন। একাধিক কমিটি হয়ে কাজ করার প্রয়োজন পড়বে। এখানে কয়েকটি সাব-কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত এসেছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই সে সাব-কমিটি গঠন করে আপনাদের জানাতে পারবো।’
আরও পড়ুন:
বর্তমানে দেশের সকল ফেডারেশন চলছে অ্যাড-হক কমিটির অধীনে। অ্যাড হক কমিটি মেয়াদ হলে নির্বাচিত কমিটি গঠনের প্রক্রিয়াতেও যুক্ত থাকবে বিশেষ এই উপদেষ্টা কমিটি ।
আমিনুল ইহসান বলেন, ‘ক্রীড়াঙ্গনের সকল সমস্যা নিয়ে এ কমিটি কাজ করবে। কারণ সমস্যা চিহ্নিত করার জন্য বা নিরসনের জন্য অন্য আর কোনো কমিটি করা নেই। সুতরাং জাতীয় ও স্থানীয় পর্যায়ে যে সমস্যা আছে সে সবগুলো ওঠিয়ে এনে আমরা নিরসনের চেষ্টা করবো। আপাতত কমিটিকে ওপেন রাখা হয়েছে। সকল সদস্য অনেক বেশি আন্তরিক। মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। সুতরাং সকলেই আন্তরিকভাবে কাজ করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের এ কাজ করার জন্য অল্প সময়েই কাজ করে আমরা ভালো একটা সুপারিশ করে দিতে পারবো।’
তবে নতুন এই কমিটির কাজের জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা দিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। সমস্যা বিবেচনায় স্বাধীনভাবে কাজ করতে দেয়া হবে কমিটির সদস্যদের।





