মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে জোড়া কীর্তি

মুশফিকের সেঞ্চুরি উদযাপন
ক্রিকেট
এখন মাঠে
0

মোহাম্মদ আব্বাসের বলটি পয়েন্ট দিয়ে সীমানার বাইরে যাওয়ার আগেই ধারাভাষ্যকক্ষ থেকে আতাহার আলী খান বলে উঠলেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত হলোও তাই। শৈল্পিক এক বাউন্ডারিতে তিন অঙ্ক ছুঁয়েই হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন মুশফিকুর রহিম। এরপর উইকেটে সিজদা দিয়ে প্রকাশ করলেন কৃতজ্ঞতা। এর সঙ্গেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের পাতায় লেখা হলো নতুন এক ইতিহাস; দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক এখন অভিজ্ঞ এই ব্যাটার।

সিলেটে আজ (সোমবার, ১৮ মে) তৃতীয় দিনে চা-পানের বিরতির পর সেঞ্চুরির জন্য মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ১০ রান। ক্যারিয়ারে অনেকবার ‘নার্ভাস নাইনটিজে’ আউট হওয়ার তেতো স্মৃতি থাকলেও, এবার আর ভুল করেননি। ১৫৫ বলে ৯০ রান করা মুশফিক যখন তিন অঙ্ক ছুঁয়ে রেকর্ড গড়লেন, তখন তার নামের পাশে ১৭৮ বল। মুমিনুল হকের ১৩টি সেঞ্চুরির রেকর্ড টপকে মুশফিক এখন একাই শীর্ষে।

ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানালেও, টেস্ট ক্রিকেটে মুশফিক যে এখনো দলের পরম নির্ভরতা, তা আজ আবারও প্রমাণ করলেন। সিলেটের মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২৩ রানে আউট হয়ে আক্ষেপ জাগিয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ মিটিয়েছেন রাজকীয় ঢঙে। এই ইনিংস খেলার পথেই মুশফিক গড়েছেন আরও এক বিরল কীর্তি; প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বর্তমানে তার রান ১৬ হাজার ১১। বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য উচ্চতায় পা রাখলেন তিনি।

আরও পড়ুন:

আজ মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন, বাংলাদেশ তখন চাপে। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস এবার ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও, মুশফিক তার টেস্ট মেজাজ ধরে রেখে দলকে বড় লিডের পথে নিয়ে যান।

তৃতীয় দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের লিড সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রানের দিক থেকে মুশফিকের পরেই রয়েছেন তামিম ইকবাল (১৫,২৪৯ রান)।

এনএইচ