ক্রিকেটে স্বপ্নীল সময় পার করছে বাংলাদেশ। ক্রিকেটের এলিট দল অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারিয়েছে টাইগাররা। এবার সুযোগ ধবলধোলাই করার।
এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেও, উচ্ছ্বাসে গা ভাসাচ্ছে না বাংলাদেশ। বরং অনুশীলনে পূর্ণ মনোযোগী দেখা গেল পুরো দলকেই। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও সৌম্য সরকার জানালেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চান না তারা।
বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার সৌম্য সরকার বলেন, আমরা যখন সিরিজ জিতেছি এইটাই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এইটাই আগে সেলিব্রেশন করা উচিত ছিল আমাদের অনেক বড় ভাবেই। আর আমরা যদি তিন জিরোতে জিততে পারি, এইটা আরও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। আমাদের সবার লক্ষ্যও থাকবে সেটা।
ব্যাটিং-বোলিংয়ে দারুণ ছন্দে আছেন সবাই। বিশেষ করে নাহিদ রানা-তাসকিনদের গতি আর মুস্তাফিজের রহস্যের কাছে বারবার হার মানছেন অজি ব্যাটাররা। সৌম্যও আলাদা করে বললেন পেইস ইউনিটের কথা।
সৌম্য সরকার বলেন, আমার দেখা যেটা এখন ওয়ান অব দ্য বেস্ট পেস বোলিং সাইড আমাদের। যেকোনো কন্ডিশনে, যেকোনো দেশেই। এখন আমার কাছে মনে হয় যে যেকোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে।
তবে শেষ ম্যাচের আগে অনিশ্চয়তা কাটেনি অধিনায়ক মেহেদি মিরাজকে নিয়ে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাচের আগে আবারও পর্যবেক্ষণ করা হবে তাকে। এরইমধ্যে শেখ মেহেদিকে অন্তর্ভূক্ত করা হয়েছে দলে।
এদিকে বৃষ্টির কারণে আজ অনুশীলন করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে সিরিজ হারের হতাশা লুকাননি দলের ব্যাটার মার্নাস ল্যাবুশেইন। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর তাগিদ ছিল তার কণ্ঠে।
অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটার মারনাস লাবুশেন বলেন, প্রতিটি হারই হতাশাজনক। আমরা খেলতে আসি জেতার জন্যই। ঘর থেকে দূরে সময় কাটিয়ে আমরা এখানে এসেছি কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি এবং জিততে চাই। তবে সত্যি বলতে ৩-০ কিংবা ২-১ যেভাবেই হোক, সিরিজ তো হারাই। সেটাই সবচেয়ে কষ্টের বিষয়। তবুও আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবো।
সিরিজ হারলেও মিরপুরের উইকেটের প্রশংসা ঝরেছে অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটারের কণ্ঠে।





