ডারউইনের ধাক্কার পর সতর্ক অস্ট্রেলিয়া, একাদশে পরিবর্তন

অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে বড় ধাক্কা খেয়ে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। ডারউইনের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন বাংলাদেশকে পূর্ণ সমীহ করছে স্বাগতিকরা। সিরিজটায় ১-১ সমতা ফেরাতে ম্যাকাই-তে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে পরিবর্তন এনে দল চূড়ান্ত করেছে প্যাট কামিন্সের দল।

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে এমনভাবে হারতে হবে, হয়তো ঘুনাক্ষরেও ভাবতে পারেনি অস্ট্রেলিয়া। তাই, পরাজয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া স্বাগতিকরা এখন স্পষ্টতই সমীহ করছে টাইগারদের। ম্যাকাইয়ের মাঠে টাইগারদের হারিয়ে সিরিজে সমতা ফেরানোই একমাত্র লক্ষ্য অজিদের।

ম্যাকাইয়ের পেস সহায়ক উইকেটের আশায় স্কট বোল্যান্ডকে একাদশে এনে চার পেসারে খেলানোর কথা ভেবেছিল স্বাগতিকরা। তবে সেই চিন্তা থেকে সরে এসে তিন বিশেষজ্ঞ পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং একমাত্র অভিজ্ঞ স্পিনার হিসেবে নাথান লায়নকেই একাদশে রেখে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ সাজিয়েছে তারা।

ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে ওপেনার জেক ওয়েদারল্ডকে বাদ দিয়ে তিন বছর পর একাদশে ফেরানো হয়েছে ম্যাট রেনশকে।

ম্যাচ শুরুর আগে একাদশ নির্বাচন ও টাইগারদের নিয়ে কন্ডিশন মূল্যায়ন প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য অজি অধিনায়ক প্যাট কামিন্সের।

অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমরা কন্ডিশনটা খুব ভালোভাবে পর্যবেক্ষণের চেষ্টা করেছি। ভেবেছি চারজন পেসার নিয়ে নামব নাকি স্পিনার রাখব। এখানে দুই বছর আগে অজি ‘এ’ ও ভারত ‘এ’ দলের খেলা দেখে পেসারদের আধিপত্য মনে হলেও পরিস্থিতি সবসময় এক থাকে না। পরিসংখ্যান আমরা অবশ্যই দেখেছি, তবে আমাদের মূল সিদ্ধান্তটা কন্ডিশনের ওপর নির্ভর করেই নিতে হচ্ছে।’

প্রথম ম্যাচের ভুল শুধরে, বাংলাদেশের স্পিন আক্রমণ ও সাম্প্রতিক ফর্মকে মাথায় রেখে কোনো ঝুঁকি না নিয়েই ম্যাকাইয়ে ঘুরে দাঁড়ানোর ছক কষছে প্যাট কামিন্সের দল।

জেআর