ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ঘোষণা; ফাইনাল ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি
ক্রিকেট
এখন মাঠে
0

ওয়ানডে বিশ্বকাপের জন্য ১২ ভেন্যু নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার ৮ ভেন্যুর পাশাপাশি জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার এক ভেন্যুতে হবে ক্রিকেটের সর্বোচ্চ আসর। ফাইনাল হবে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে।

২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে ওয়ানডে বিশ্বকাপ। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর নারী বিশ্বকাপের আয়োজক হলেও ক্রিকেটের সবচেয়ে বড় আসরের আয়োজন আর হয়নি সেখানে। তবে অপেক্ষার অবসান করে আফ্রিকার ১২ ভেন্যু তৈরি হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আয়োজনের জন্য। দক্ষিণ আফ্রিকায় ৮, জিম্বাবুয়ের ৩ এবং নামিবিয়ার একটি ভেন্যুতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জমকালো লঞ্চিং ইভেন্ট দিয়ে ঘোষণা করা হয়েছে ২০২৭ বিশ্বকাপের আয়োজক শহরগুলোর নাম। সেইসঙ্গে বিশ্বকাপের ব্র্যান্ড এবং থিমও জানানো হয়েছে এ আয়োজনের মাধ্যমে। ব্র্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে ‘মেইক দ্য সার্কেল বিগার; আর থিম ‘থ্রি নেশন্স, ওয়ান হার্টবিট’।

এবারের বিশ্বকাপে থাকছে ৫৪ ম্যাচ। সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে থাকছে ৮ ভেন্যু। জোহানেসবার্গ, কেপটাউন, পচেফস্ট্রুম, ডারবান, সেঞ্চুরিয়নের মতো বিখ্যাত সব মাঠই থাকছে বিশ্বকাপের বড় মঞ্চে। জিম্বাবুয়েতে হারারে এবং বুলাওয়ের পাশাপাশি নির্মাণাধীন ভিক্টোরিয়া ফলস মাঠে হবে বিশ্বকাপের ম্যাচ। অন্তত ৮ থেকে ১০ ম্যাচ হবে রোডেশিয়ানদের মাটিতে। আর নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত ৩ ম্যাচ।

প্রস্তুতি ম্যাচগুলোর জন্য তৈরি থাকবে বেনোনি, পচেফস্ট্রুম এবং উইন্ডহুক। আর বিশ্বকাপের আয়োজনের প্রাথমিক সময়সূচি ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর।

জেআর