অফফর্ম কাটাতে বিশেষ অনুশীলন; বাংলাদেশ সিরিজে স্বরূপে ফেরার আশায় লাবুশেন

অজি ব্যাটার মার্নাস লাবুশেন
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার হয়ে বিগত বছর গুলোতে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক রান করে বিশ্বসেরাদের কাতারে ছিলেন মার্নাস লাবুশেন। তবে সাম্প্রতিক সময়ে তার ব্যাটে নেই সেই ধার। তবে এবার দীর্ঘ দুই মাসের বিশেষ অনুশীলনের পর বাংলাদেশ সিরিজ দিয়েই নিজের সেরা ছন্দে ফেরার আশা দেখছেন এ অজি ব্যাটার।

ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে মাইটি অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটিং স্তম্ভের নাম মার্নাস লাবুশেন। তবে সাম্প্রতিক সময়ে নিজেকে যেন হারিয়ে খুঁজেছেন তিনি। সবশেষ ৩ বছরে পাননি টেস্ট সেঞ্চুরির দেখা। তবে আরও ভয়ংকর রূপে ফিরতে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি। ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ সিরিজ থেকেই।

২০১৯-২০২১ সালের মধ্যে ১৩ টেস্টে ৭২.৮২ গড়ে ৫ সেঞ্চুরি ও নয় ফিফটি করেছিলেন লাবুশেন। কিন্তু ২০২৩ সালের অ্যাশেজের পর খেলা ২০ টেস্টে তার গড় নেমে এসেছে ২৬.৬১ এ। তাই কুইন্সল্যান্ডে টানা আট সপ্তাহ টেকনিক নিয়ে কাজ করেছেন ৩২ বছর বয়সী এ অজি ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্ট দিয়েই সেই পরিশ্রমের ফল দেখাতে চান তিনি।

তিনি বলে, ‘আট সপ্তাহ সময় পেয়ে আমি আবার বেসিক বিষয়গুলোতে ফিরে যেতে পেরেছি। ঘণ্টার পর ঘণ্টা খুব সাধারণ বিষয়গুলো নিয়ে কাজ করেছি। নিজের ব্যাটিংয়ের গঠন, টেকনিক, সবকিছু নিয়ে পরিশ্রম করেছি। আমি নিশ্চিত, ঠিক এটাই আমার প্রয়োজন ছিল।’

লাবুশেন জানান, টানা আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলতে খেলতে নিজের খেলার ছোটখাটো সমস্যাগুলো ঠিক করার সময়ই পাননি। ফলে বারবার স্বল্পমেয়াদি সমাধান খুঁজতে গিয়ে আত্মবিশ্বাসও হারিয়ে ফেলেছিলেন। এই বিরতিতে সেই ভুলগুলো শুধরে আবার নিজের স্বাভাবিক ব্যাটিংয়ে ফিরেছেন বলে বিশ্বাস তার।

এছাড়াও এই অজি ব্যাটারের দাবি, তিন অঙ্কের ইনিংসের জন্য অতিরিক্ত তাড়াহুড়ো করাই ভুলের কারণ ছিল। সব ভুলে তাই বাংলাদেশ সিরিজকেই নতুন করে নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখছেন মার্নাস লাবুশেন।

এএইচ