ডারউইনে বাংলাদেশের দাপট; বদলে গেছে অস্ট্রেলিয়ান মিডিয়ার সুর

মেহেদি হাসান মিরাজ আর হাসান মাহমুদ
ক্রিকেট
এখন মাঠে
0

ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দেয়ায় টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ স্বাগতিক গণমাধ্যম। ১৫৩ রানের লিড নিয়ে দাপট দেখাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে শুধু মাঠেই নয়, টাইগারদের এ সুপরিকল্পিত লড়াইয়ে মাঠের বাইরেও বড় এক পরিবর্তন এসেছে—যার প্রমাণ মিলছে অস্ট্রেলিয়ান মিডিয়ার বদলে যাওয়া সুর।

ডারউইনের তপ্ত গরমে অস্ট্রেলিয়াকে যেন সপ্তাহখানেক ধরে চলতে থাকা অপমানই ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ। দুই দিন শেষে অজিদের ওপর ১৫৩ রানের শক্ত লিড দাঁড় করিয়েছে সফরকারীরা। মাঠের এ আধিপত্যের সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম। সিরিজের ঠিক আগেই যারা অজি নির্বাচকদের সমালোচনা করেছিল। টাইগারদের পারফরম্যান্সে এখন তাদের সুর ১৮০ ডিগ্রি বদলে গেছে।

দল গঠনের পর বিখ্যাত অস্ট্রেলিয়ান গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড অভিযোগ করেছিল, বাংলাদেশের বিপক্ষে শক্ত দল ঘোষণা করে নিজেদের টেস্ট সংস্কৃতিকে বিপণ্ণই করেছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা। সমালোচনা হয়েছিল প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউটের পরেও। কিন্তু, মূল ম্যাচেই দেখা গেল বদলে যাওয়া বাংলাদেশ দলকে।

এখন একই মিডিয়া প্রশ্ন তুলেছে নিজেদের অভিজ্ঞ দলের ‘বয়সের ভার’ আর ক্লান্তি নিয়ে। সিডনি মর্নিং হেরাল্ডের হাজার শব্দের কলাম জুড়ে এখন হতাশার সুর। তারা স্বীকার করেই নিয়েছে, ইংল্যান্ডের মতো ভুল না করে বাংলাদেশ ধৈর্যশীল ও নিখুঁত টেস্ট ক্রিকেট দিয়ে অজিদের টেক্কা দিচ্ছে।

উইকেটে শেষদিকে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের জেদি প্রতিরোধ অজিদের মনস্তাত্ত্বিক লড়াইয়েও পিছিয়ে দিয়েছে অনেকখানি। অজি তারকাদের মেজাজ হারানো ও ক্যাচ মিসের সমালোচনা করে স্বাগতিক মিডিয়া এখন প্রশ্ন তুলছে দল পুনর্গঠন ও তাদের ভবিষ্যৎ নিয়ে। দুই দিনের ব্যবধানে অজি গণমাধ্যম যেন হাঁটছে উলটো পথে।

জেআর