ম্যাকাইয়ে প্রস্তুত বাংলাদেশ, দ্বিতীয় টেস্ট জয়ে আত্মবিশ্বাসী শরিফুল

শরিফুল ইসলাম
ক্রিকেট
এখন মাঠে
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইয়ে নিজেদের প্রস্তুত করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফ্লাইট বিলম্বের কারণে আজ (বুধবার, ১৯ আগস্ট) অনুশীলন বাতিল করলেও জিমে ঘাম ঝরিয়েছেন শান্ত-মিরাজরা। দ্বিতীয় টেস্ট জিততে টাইগাররা আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন পেসার শরিফুল ইসলাম।

ডারউইনে ঐতিহাসিক টেস্ট জিতে বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ। সবার নজর এখন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দিকে। যে ম্যাচ খেলতে এরই মধ্যে ম্যাকাইয়ে পৌঁছেছে টাইগাররা।

ম্যাকাইয়ে পৌঁছার আগে বেশ খানিকটা ঝক্কি পোহাতে হয়েছে বাংলাদেশ দলকে। ডারউইন থেকে কেয়ার্নসে আসতে টাইগারদের সময় লেগেছে ১২ ঘণ্টা। মাঝে ট্রানজিটের কারণে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হলেও বেশ চনমনেই দেখা গেছে বাংলাদেশ দলকে। তবে কেয়ানর্সের আবহাওয়া ডারউইনের তুলনায় ঠাণ্ডা বলেই জানিয়েছেন শরিফুল ইসলাম।

বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শরিফুল ইসলাম বলেন, ‘এখানের আবহওয়া অনেক ভালো। ডারউনের চেয়ে এখানের আবহাওয়া একটু ঠাণ্ডা।’

ফ্লাইট সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ দল বুধবার অনুশীলন করেনি। তবে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে জিমে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছেন না তাইজুল-এবাদত-মিরাজ-শান্তরা। আনন্দঘন পরিবেশে দ্বিতীয় টেস্টেও ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী টাইগাররা।

তিনি আরও বলেন, ‘আমাদের সবার মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। আর সবাই ভালোভারে প্রস্তুতি নিচ্ছে।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার লড়াই দিয়েই আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর তালিকায় নাম লেখাবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। ডারউইনে অজিদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর এবার নতুন ভেন্যুতে নতুন ইতিহাস লেখার সুযোগ টাইগারদের সামনে।

জেআর