বাংলাদেশ-ভারত সাদা বলের সিরিজ নিয়ে কাটছে না শঙ্কা

ভারত-বাংলাদেশে ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাদা বলের সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। তবে কাগজে-কলমে এখনও সম্ভাবনাও ফুরিয়ে যায়নি। পুরো বিষয়টি এখন দুই দেশের সরকারের হাতে। বিসিবির প্রত্যাশা, যে কোনো সময়ে সিরিজটির বিষয়ে সবুজ সংকেত পাওয়া যাবে।

বাংলাদেশে কি ভারতীয় ক্রিকেট দল আসছে? নাকি আসছে না? এ নিয়ে ধোঁয়াশাও কাটছে না।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে রাজনৈতিক টানাপোড়েনে শেষপর্যন্ত সেটি পিছিয়ে যায়। দুই বোর্ডের আলাপে সিরিজটি মাঠে গড়ানোর কথা ছিলো এ সেপ্টেম্বরে। সাদা-বলের সিরিজ খেলতে কোহলি-রোহিতদের বাংলাদেশে আসার কথা ছিলো আগস্টের শেষভাগে। তবে সপ্তাহখানেক আগেও নিশ্চিত করে জানা যায়নি কিছুই।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, সিরিজটি পেছানোর সম্ভাবনা শতভাগ। কারণ ভারতের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতির বিষয় আছে। নিরাপত্তা, সম্প্রচারস্বত্বসহ নানাবিধ ইস্যু আছে। যেহেতু কিছুই এখনও শুরু হয়নি তার মানে সিরিজটি পেছাচ্ছে।

তবে ভিন্নমত জানিয়েছেন বিসিবির আরেক পরিচালক। বলেছেন, সিরিজের বিষয়টি এখন আর বোর্ডের হাতে নেই। পুরো বিষয়টি দেখভাল করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যেহেতু দুই দেশের সরকার পর্যায়ে আলোচনা চলছে তাই যেকোনো মূহুর্তে সিরিজের বিষয়ে সবুজ সংকেত মিলতে পারে। আর সেক্ষেত্রে বিসিবি জরুরি ভিত্তিতে সব আয়োজন সম্পন্ন করবে।

তবে দিন যত গড়াচ্ছে, সিরিজটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও ততই বাড়ছে। সামনে বাংলাদেশ ও ভারত, দ্বিপাক্ষিক সিরিজসহ দুই দলেরই বেশ ব্যস্ত সূচি। সেপ্টেম্বরেই তাই সিরিজটি আয়োজন করা না গেলে, বেশ বিপাকেই পড়তে হবে বিসিবিকে।

জেআর