আইডলের সাথেই সমান তাণ্ডব, ম্যাকাইতে শরিফুল-স্টার্কের ৬ উইকেট শিকার

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ম্যাকাইতে দুই দলের দুই বাঁহাতি পেসারের দাপটে প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের হারের জবাব দিতে নেমে মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শরিফুলের পেস তান্ডবে দিনের শেষে অস্বস্তিতে অস্ট্রেলিয়াও। দুইজনই তুলেছেন ৬টি করে উইকেট।

১৮ উইকেটের পতন, তাও আবার টেস্টের প্রথম দিনেই! দুই দলকেই একই দিনে অলআউটের শঙ্কায় ফেলে ত্রাস ছড়ালেন দুই বাঁহাতি পেসার স্টার্ক ও শরিফুল। বাংলাদেশকে তাই ৬৪ রানে গুটিয়ে দিয়েও দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি অস্ট্রেলিয়াও।

নতুন বলে স্টার্কের গতি আর লাইন-লেন্থে মুখ থুবড়ে পড়ে টাইগারদের ব্যাটিং লাইন আপ। মাত্র ২২ বলে ৫ উইকেট তুলে তামিম, সাদমান, মুশফিক, শান্তদের ক্রিজে আঁকড়ে থাকার নূন্যতম সুযোগটুকুও দেননি মিচেল স্টার্ক। তুলে নেন ক্যারিয়ারের ১৯তম ফাইফার। শরিফুলকে সাজঘরে ফিরিয়ে কফিনের শেষ পেরেকটাও ঠুকেছেন তিনি নিজে হাতেই।

তবে গতি আর লাইন-লেন্থের বদলা শরিফুল তুলেছেন ভ্যারিয়েশন আর বাউন্স দিয়ে। মাত্র ৮ ওভারের মধ্যেই অজিদের টপ অর্ডারকে আউট করার পরও স্মিথ-গ্রিনের ৭৭ রানের জুটি রীতিমতো ভয়ই দেখিয়েছে টাইগারদের। তবে স্মিথকে ফিফটির আগে আউট করে টাইগারদের ম্যাচে ফেরান শরিফুল। এরপর তার শিকার অজিদের লোয়ার মিডল অর্ডার। ১৪৫ রানে ৫ উইকেট থেকে চোখের পলকে ৩ রানের ব্যবধানে চার উইকেট হারায় অস্ট্রেলিয়া। শরিফুল তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার।

বাতাসের কারণে বাঁহাতি পেসাররা উইকেটে একটু বাড়তি সুবিধা পাচ্ছেন বলে জানান এই টাইগার পেসার। তবে ব্যক্তিগত মাইফলক নয় ম্যাচ জিতলেই বেশি খুশি হবেন বলেই মন্তব্য করেন শরিফুল। এছাড়া প্রিয় তারকার সাথে একই ম্যাচে ৬ উইকেট তুলতে পেরে আনন্দিত তিনি।

বাঁহাতি পেসার শরিফুল বলেন, যখন বয়সভিত্তিক দলে খেলতাম, তখন থেকেই স্টার্কের খেলা দেখেছি। তার বোলিং ও সুইং করানোর দক্ষতা আমার ভালো লাগে। এখন তার বিপক্ষে খেলছি তাই কিছুটা উৎসাহিত ছিলাম। একই ম্যাচে উনিও ৬ উইকেট পেয়েছেন, আমিও পেয়েছি। এটি খুব ভালো লাগার বিষয়।

অজিদের লিড অল্পতেই থামানোর লক্ষ্য নিয়েই দিনশেষে ড্রেসিংরুমের পথ ধরেছেন ক্যারিয়ার সেরার মাইলফলক অর্জন করা শরিফুল। স্টার্কের সাথে তার দ্বৈরথের গল্প এখন ছড়িয়ে পড়েছে অজি মুলুকেও।

ইএ