ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ফুলে উঠেছিল আশার বেলুন। তবে ম্যাকায়ে টাইগারদের হতশ্রী পারফরম্যান্স সেখানে দিয়েছে পিনের খোঁচা। মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানের হারে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের দাপুটে জয়ে অনেকের মতো আকরাম খানও ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচেও ভালো খেলা উপহার দেবে বাংলাদেশ। টাইগাররা এ ম্যাচ হারলেও এমন অসহায় আত্মসমর্পণ হতাশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।
আকারাম খান বলেন, ‘একটা খুব ভালো একটা সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার মতো জায়গায় এসব দলের সঙ্গে টেস্ট খেলার অপরচুনিটি খুব কম পাওয়া যায়। তো ওখানে গিয়ে এত ভালো একটা সুযোগ পেয়ে প্রথম ম্যাচে জিতার পর সেকেন্ড ম্যাচটা যে এভাবে হবে, সেটা চিন্তা করতে পারি নাই।’
ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের বড় হারের মূল কারণ হিসেবে দাবি আকরাম খানের। এর পাশাপাশি টস হারও দলের মানসিকতায় প্রভাব ফেলেছে বলে মনে করেন তিনি।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক বলেন, ‘আমাদের ম্যাচ জিততে হলে বা বোলারদের সুযোগ দিতে হলে আপনাকে বেশি রান করতেই হবে। তো যেটা আমার কাছে মনে হলো, আমি বল টু বল দেখেছি যে আপনার ফার্স্ট সেকেন্ড ফার্স্ট টেস্ট জেতার পর সেকেন্ড টেস্টে উইকেট নিয়ে বেশি চিন্তিত ছিলাম আমাদের সবাই। তারপর হলো টসটা হেরে গেলাম। তো মেন্টালি ওটার উপর একচুয়ালি এফেক্ট করেছে, আমাদের ব্যাটসম্যানরা ডাউন হয়ে গেছে।
অস্ট্রেলিয়ায় দুই টেস্টে তিন ইনিংস খেললেও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। অথচ দলের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা তিনি। সিরিজ শুরুর আগে ইনজুরিতে থাকা এ ব্যাটার ফুল ফিট ছিলেন কিনা, তা নিয়ে আছে প্রশ্ন।
আকরাম খান বলেন, ‘এটা তো সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, মানে আপনার কন্ডিশনটা কেমন, প্লেয়াররাও রিকভারি করেছে কিনা। সেটা বাট একটা হয় কি যে, আপনার ব্যাটসম্যানরা সুযোগ পেলে কিন্তু রান করাটা উচিত। আদারওয়াইজ আপনার হবে কি এ নেগেটিভ কথাগুলো অনেক আসবেই।’
ম্যাচ হারলেও অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ড্র করা বাংলাদেশের জন্য বড় অর্জন বলে মনে করেন আকরাম খান।





