এশিয়ান গেমস ক্যাম্পের আগেই ব্যক্তিগত অনুশীলন করছেন ক্রিকেটাররা

অনুশীলন করছেন ক্রিকেটাররা
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়ান গেমস সামনে রেখে ১২ দিনের ক্যাম্পের পরিকল্পনা বাংলাদেশ জাতীয় দলের। সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হবে ক্যাম্প। তবে এরইমধ্যে ব্যক্তিগত উদ্যোগে শান্ত-মুস্তাফিজ-নাহিদ রানারা শুরু করেছেন অনুশীলন।

অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে কিছুটা বিশ্রামের আমেজে ক্রিকেটাররা। এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের পরিবর্তে পূর্ণশক্তির জাতীয় দল পাঠানোর ঘোষণা আসায় কিছুটা চাঞ্চল্য ফিরে এসেছে ক্রিকেটারদের মাঝে।

আনুষ্ঠানিক অনুশীলন শুরু না হলেও, এরইমধ্যে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছেন কয়েকজন ক্রিকেটার। মিরপুরের একাডেমি মাঠে দেখা মিললো নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান আর নাহিদ রানাদের। 

দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে ফেরা শান্তর। প্রত্যাবর্তনটা সুখকর করতে চান টাইগারদের টেস্ট কাপ্তান। নাহিদ রানার জন্যেও আসরটা কামব্যাকের। অস্ট্রেলিয়া সিরিজটা ইনজুরির কারণে মিস করার পর এবার এশিয়ান গেমস দিয়ে মাঠে ফিরছেন চাঁপাই এক্সপ্রেস।

বিসিবি সূত্রে জানা যায়, দ্রুতই শুরু হবে এশিয়ান গেমসের ক্যাম্প। স্কোয়াডের কয়েকজন সদস্য বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায় ‘এ’ দলের সফরে। যে কারণে ১০ তারিখ থেকে ক্যাম্প শুরুর প্রাথমিক পরিকল্পনা থাকলেও আপাতত সেটি পিছিয়ে যাচ্ছে।

অন্যদিকে, ক্রিকেট অপারেশন্স জানিয়েছে, ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে স্কিল ক্যাম্প। ‘এ’ দলের সদস্যরা দেশে ফিরলে ১৫ তারিখ থেকে পুরোদমে শুরু হবে স্বর্ণ জয়ের প্রস্তুতি। ২০১০ সালে গুয়াংজু এশিয়ানে স্বর্ণ জয়ের পর থেকে গেলো ১৬ বছর পোডিয়ামের সর্বোচ্চ আসরে দাঁড়ানো হয়নি টাইগারদের।

সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৫ তারিখ এশিয়ান গেমস খেলতে জাপান যাবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এসএইচ