নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

নারায়ণগঞ্জ
শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
এখন জনপদে
0

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

আজ (সোমবার, ২ নেভেম্বর) দুপুর থেকে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেটে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় যান চলাচল বন্ধ হয়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

শ্রমিকদের অবরোধের কারণে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী যানবাহন আটকে পড়ে। এতে অনেক যাত্রী বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। একইসঙ্গে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আছেন বলেও জানান।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি, যেই পর্যন্ত মজুরি বোর্ড থেকে সিদ্ধান্ত না আসে, সেই পর্যন্ত যেন তারা ধৈর্য ধারণ করেন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।’

আরও পড়ুন:

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় অবস্থান করছে। আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তবে তাদের পক্ষ থেকেও আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে কোনো ধরনের ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটানো হবে না। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন।’

তবে শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে বেগ পেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিশেষ করে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বের হওয়া যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা।

অন্যদিকে, শ্রমিকদের দাবি— বর্তমান বাজারদরে স্বল্প বেতনে পরিবার নিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী বিকেল পৌনে ৩টা পর্যন্তও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এসএইচ