২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

তালহা জুবায়ের
ক্রিকেট
এখন মাঠে
0

জাতীয় দলের বোলিং কোচের পদে তালহা জুবায়ের ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত থাকছেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত কাগজে কলমে চুক্তি না হলেও মৌখিকভাবে কোচ তালহাকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। এশিয়ান গেমসের পর আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

লম্বা সময় ধরে কাজ করেছেন দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে। শন টেইটের বিদায়ের পর অনেকটা বাধ্য হয়েই তালহা জুবায়েরকে দায়িত্ব দেয়া হয় জাতীয় দলের পেস বোলিং বিভাগের। এরপর থেকে পেস বোলিংয়ে সুদিন দেখছে টাইগার ক্রিকেট। অস্ট্রেলিয়ায় টেস্ট জয় কিংবা কাউন্টি ক্রিকেটে হাসান-খালেদ ঝলকটা এসেছে গুরু তালহা জুবায়েরের সান্নিধ্যে থেকেই।

সাফল্য ধরে রাখতেই কি না, ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তালহা জুবায়েরকে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ক্রিকেট বোর্ডের একটি সূত্র বিষয়টি এখন টিভিকে নিশ্চিত করেছে। এরইমাঝে ক্রিকেট অপারেশন্স বিভাগের পক্ষ থেকে মৌখিকভাবে এই বোলিং কোচকে বোর্ডের সিদ্ধান্ত জানিয়েও দেয়া হয়েছে। বর্তমানে তিনি ব্যস্ত এশিয়ান কাপের ক্যাম্পে। সম্ভাবনা আছে, গেমসের পর তালহা জুবায়েরের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করবে বিসিবি।

আরও পড়ুন:

চলতি বছরের জুনে শন টেইট সরে দাঁড়ানোর পর থেকে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়া সিরিজে দায়িত্ব পালন করেছেন তালহা জুবায়ের। এদের মাঝে অস্ট্রেলিয়ায় দেশি পেসারদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপেও তালহার বিকল্প তাই খুঁজতে চাইছে না বিসিবি।

ফিল্ডিং এবং বোলিং কোচের ক্ষেত্রেও আপাতত একই পথে হাঁটছে বিসিবি। ফিল্ডিং কোচ আশিক মজুমদারের ক্ষেত্রেও চুক্তির মেয়াদ বাড়তে পারে বলে জানিয়েছে বিসিবি সংশ্লিষ্টরা।

এফএস