নতুন কন্ডিশন, নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে মিরপুরে প্রথমবার নিজেদের ঝালিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ঢাকায় পা রেখে এক দিন বিশ্রামের পর শের-ই-বাংলার আউটার মাঠে অনুশীলনে নামে ড্যারেন সামির দল। ওয়ার্মআপ দিয়ে শুরু। এরপর রানিং, ফিটনেস, ক্যাচিং ড্রিল আর ফিল্ডিং অনুশীলন। প্রতিটি ধাপেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুত করে নেয়ার তাগিদ।
তবে সবার নজর ছিলো হেড কোচ ড্যারেন সামির দিকে। অনুশীলনের আগেই মিরপুরের উইকেট খুঁটিয়ে দেখেছেন তিনি। স্পিন নাকি পেস— কোন বোলিংয়ের জন্য কতটা সহায়ক হতে পারে উইকেট, সেই ধারণা নেয়ার চেষ্টাও ছিলো তার পর্যবেক্ষণে।
আরও পড়ুন: আফগানদের বিপক্ষে কঠিন সমীকরণের মুখে টাইগাররা
টেস্ট ক্রিকেটে একটি ক্যাচ বদলে দিতে পারে ম্যাচের গতিপথ। তাই সেন্টার উইকেটের পাশে শিষ্যদের নিয়ে দীর্ঘ সময় স্লিপ ক্যাচিং অনুশীলন করিয়েছেন সামি।
এদিকে, বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যস্ত থাকলেও, টেস্ট দলের নিয়মিত সদস্য মুমিনুল হক, সাদমান ইসলাম ও এবাদত হোসেনও নেটে ঘাম ঝরিয়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের তত্ত্বাবধানে। সিরিজ শেষে দলের বাকি সদস্যরা ফিরলে পুরোদমে অনুশীলন শুরু করবে টাইগাররা।
ঘরের মাঠে বাংলাদেশের লক্ষ্য নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়া, আর কন্ডিশন বুঝে সেই চ্যালেঞ্জ মোকাবিলার ছক আঁকছে ক্যারিবীয়রা।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত হওয়ায় বাড়তি সতর্ক থাকবে দুই দলই।





