ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে দম ফেলার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে থাকলেও লিটন দাসকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। শনিবারের ফিটনেস টেস্টে মিলবে চূড়ান্ত উত্তর।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘লিটন তো এখন চার নাম্বারে ব্যাট করে। আর লিটন কিন্তু ওপেন করছে না বেশ কয়েকটা সিরিজ ধরে। সো ওকে আসলে ওপেনার হিসেবে আপনি বিবেচনা করছি না কারণ সে ব্যাট করে নাম্বারে।’
এদিকে টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রান না পেলেও তার পারফরম্যান্সকে বাদ পড়ার মূল কারণ হিসেবে দেখছেন না নির্বাচকরা। বরং একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের বসিয়ে না রেখে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ করে দেয়াই তাদের লক্ষ্য।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘না আমাদের এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে। সো এখানে আমাদের হয়তো টিম ইলেভেনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। আমাদের যে ওপেনিং পেয়ারটি খেলবে যদি কোন ই চেঞ্জ না হয়। সেক্ষেত্রে সৌম্য সরকার আসলে ইলেভেনে খেলার সুযোগটা কম। তো আমরা চাই তিনি যেন ফার্স্ট ক্লাস ম্যাচটা খেলুক।
একই পরিকল্পনায় স্কোয়াডের বাইরে পেসার খালেদ আহমেদও। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। চার পেসার নিয়েই আপাতত সন্তুষ্ট নির্বাচকরা।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘প্রসেসটা যেন ঠিক থাকে। আউটকামটা পরে আমরা দেখব, বাট আমাদের প্রসেস যেভাবে ছিল সেভাবে থাকবে। নাহিদ রানাকে এই সিরিজে মিস করাটা অনেক বড় সেটব্যাক, বাট ইনজুরি ইজ ইনজুরি, কিছু করার নেই। বাট অ্যাট দ্য সেইম টাইম নাহিদ রানার অনুপস্থিতিতে যারা খেলছেন আমি তাদেরকেও ছোট করছি না। আই থিঙ্ক দে অলসো ডান এ প্রিটি গুড জব। আমার আমার যে ফাস্ট বোলার বাকি যে ফাস্ট বোলাররা আছেন তারা কিন্তু খুব ভালো করছেন।’
আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।





