ব্যাটিংয়ে টপ অর্ডারের আরও দায়িত্বশীল হওয়া জরুরি: কোচ সালাহউদ্দিন

মোহাম্মদ সালাহউদ্দিন
ক্রিকেট
এখন মাঠে
0

মিরপুরে ম্যাচের ফল নিয়ে আশাবাদী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। উইকেটে লড়াইয়ের রসদ আছে বোলারদের জন্য। কিন্তু ব্যাটিংয়ে টপ অর্ডার আরও একটু দায়িত্ব নিতে পারলে ম্যাচের নিয়ন্ত্রণ থাকতে পারতো বাংলাদেশের হাতেই। তবুও কোচের চোখে, এই টেস্টে ব্যবধান গড়ে দিতে পারে প্রতিপক্ষের পরিস্থিতি সামাল দেয়ার দক্ষতা।

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন উইকেটে ২১৩ রানে দিন শেষ করেছে টিম বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোচ সালাহউদ্দিন জানালেন তার ভাবনার কথা।

পিচে বোলারদের জন্য থাকবে বেশ কিছু রসদ। ব্যাটাররা ভালো করলে এই টেস্টেই আসতে পারে ফলাফল।

সালাহউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এখানে বোলারদের জন্য কিছু আছে। বোলার এখান থেকে অনেক হেল্প পেতে পারে, যদি ভালো বল করে। আমার মনে হয় আমাদের ব্যাটাররা ভালোভাবে হ্যান্ডেল করছে সিচুয়েশনগুলো।’

তিনি বলেন, ‘আরেকটু টপ অর্ডার আরেকটু বেটার করতে পারতো। যদি আমরা একটু লোকটা না সামলাইতে পারতাম, আমার মনে হয় যে তাহলে আরেকটু ভালো পজিশনে থাকতে পারতাম।’

টেস্টের প্রথম দিনে টপ অর্ডারের ব্যর্থতার মাঝেও ব্যাটারদের স্বস্তি দিয়েছেন সাদমান ইসলাম। উইকেট বুঝে ব্যাটিং, অপ্রয়োজনীয় শট এড়িয়ে ধৈর্যের পরীক্ষা। সব মিলিয়ে অনেকদিন পর নিখুঁত এক ইনিংস খেলেছেন তিনি।

আরও পড়ুন:

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘আমি বলব যে উইকেটটা খুব ভালো এসেস করছে। পুরো ইনিংসটা যদি আপনি দেখেন, সে খুব বেশি রিস্কি শট খেলেনি। মাঝে মাঝে হয়তো আমরা অনেক সময় অনেক সময় রিস্কি শট খেলে ফেলি বা যে কোন পিরিয়ডে আছে হয়তো আপনার টাফ টাইম আসে, ওই সময়টা হয়তো আমরা মাঝে মাঝে লুজ শট খেলে ফেলি। বাট আমার কাছে মনে হয়েছে উইকেটটা এসেস করে উইকেট ডিফিকাল্ট টাইমটা সে পাস করে, তবুও সে তার নিজের কন্ট্রোলে ইনিংসটা খেলছে। আমি অনেকদিন পরে তার এইরকম একটা ইনিংস দেখেছি।’

ব্যাটারদের এই উন্নতির পেছনে অবদান আছে কোচ মোহাম্মদ আশরাফুলেরও। সেই পরিশ্রমেরই সুফল দেখছেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘পুরো ক্রেডিটটা আশরাফুলের। সে লাস্ট একটা বছর ব্যাটসম্যানদের নিয়ে কাজ করেছে এবং যদি তাদের মেন্টালিও যদি কোনো কিছু সামান্য পরিমাণ হেল্প করে থাকে বা বড় পরিসরেও হেল্প করে থাকে, এটা তাদেরকেই ক্রেডিট দেয়া উচিত।’

দেখার বিষয় সাদমানের ব্যাটে পাওয়া আত্মবিশ্বাস কতটা ছড়িয়ে পড়ে সতীর্থদের মধ্যে। আর মিরপুরের উইকেটে বোলারদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিতে পারে কি না।

এসএস