জোমেল ওয়ারিকানের বলটাকে লং অনে ঠেলে ধীরগতিতে এক রান নিলেন তাওহীদ হৃদয়। দেখে নিরীহদর্শন সিঙ্গেলস মনে হলেও এমন একটা রানের জন্য বাংলাদেশের অপেক্ষা ছিলো ৪ বছর ৮ মাস ১৬ দিন।
মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ২০৩ রানের পর আবারও দেশের ক্রিকেটে দেখা গেল ডাবল সেঞ্চুরি। সিলেটে হৃদয় সিরিজের দ্বিতীয় টেস্টে যেভাবে খেলেছেন, তাকে অতিমানবীয় বললেও বাড়াবাড়ি হয় না। ২৯ রান নিয়ে দিন শুরু করে নিজের নামের পাশে যোগ করেছেন ২০০ রানের বেশি। আর তাতে মুশফিকুর রহিমকে টপকে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের মালিকও হলেন বগুড়ার এ ব্যাটার।
আরও পড়ুন:
দিনের শুরুতে লিটন, মুশফিক, মিরাজরা যখন একে একে ফিরে গিয়েছেন তখন একপ্রান্ত আগলে রেখে হৃদয় খেললেন নিজের সবটা দিয়ে। সিলেটের সবুজ মাঠকে ক্যানভাস বানিয়ে হৃদয় খেললেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় ইনিংস। ক্র্যাম্প হয়েছে, মাঠে চিকিৎসা নিয়েছেন, তবে উঠে দাঁড়িয়ে আবারও রান যোগ করেছেন স্কোরবোর্ডে। ভারি করেছেন নিজের কীর্তিকে।
চতুর্থ বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির দিনে হৃদয়ের প্রাপ্তির সংখ্যা একেবারেই কম না। মাহমুদুল জয়কে টপকে সিলেটের মাঠে সর্বোচ্চ স্কোর করেছেন। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টে একদিনে সবচেয়ে বেশি রানের রেকর্ড করলেন। কিংবা তামিমের রেকর্ড গুড়িয়ে বাংলাদেশের হয়ে টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা— হৃদয়ের নামের পাশে জড়ো হয়েছে এমন সব রেকর্ড।
ব্যাটাররা সঙ্গ দিতে না পারলেও, টেলএন্ডারদের দারুণ সহযোগিতা পেয়েছেন হৃদয়। তাইজুলকে নিয়ে ৮ম উইকেটে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ করেছেন। নবম উইকেটে তাসকিনও তাকে দিয়েছেন সঙ্গ। বাকি সতীর্থদের কেউ যখন ফিফটিও পাননি, তাওহীদ তখন ক্রিজে থেকে জয় করলেন ক্রিকেটভক্তদের হৃদয়।





