জোহানেসবার্গ টেস্টে টস জিতে বাংলাদেশ নিয়েছিল ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সাহসী ব্যাটিংয়ে দুই সেঞ্চুরিতে গড়ে তোলে সর্বোচ্চ রানের ইনিংস। তবে তাতেও লাভ হয়নি দলটির, ম্যাচ হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে পড়া বাংলাদেশ দল, দ্বিতীয় ইনিংস থেমেছে মাত্র ১৬৮ রানে। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংকে খুব একটা দোষ দিতে নারাজ বাংলাদেশ ক্যাপ্টেন। তাহলে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ইতিহাসের অন্যতম সেরা ইনিংস খেলেও কেন এমন শোচনীয় পরাজয়?
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘মিসটেকসগুলা অনেক বেশি হয়ে গেছে। নো বল আমরা বেশি করেছি, ক্যাচ মিস হয়েছে। এই কারণে হয়তো ৪০০ করার পরেও আমরা ম্যাচটা হেরেছি।’
শান্তকে প্রশ্ন শুনতে হয়েছে একাদশ নির্বাচন নিয়েও। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তিন পেসারের মধ্যে অফ ফর্মে থাকা ইবাদত সুযোগ পেলেও কেন রাখা হলো না শরিফুলকে? অধিনায়ক দিয়েছেন তার ব্যাখ্যাও।
আরও পড়ুন:
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘যে আমাদের অনেক বোলার আছে, ব্যাক টু ব্যাক দুইটা তিনটা টেস্ট খেলার মতো অবস্থানে থাকে না। আর আমাদের ব্যাকআপেও ওরকম অনেক বোলার নাই। সো ওই ক্ষেত্রে ওই হিসাব করে আমাদেরকে একটু ডিসিশনটা নিতে হয়। আর কন্ডিশনটা যেরকম ছিল আমাদের পুরান বলে এরকম একজন বোলার দরকার ছিল, যে কি না একটু এক্সট্রা থ্রেট দিবে। সো ইবাদত সব সময় এটা করে থাকে। সো আনফরচুনেটলি এই ম্যাচেও ওরকম হয়তো হয় নাই বা বোলিং একটু কম হয়েছে। বাট আমার মনে হয় যে কম্বিনেশনটা আমরা ভালো পিক করেছিলাম।’
তবে সংবাদ সম্মেলনে শান্তকে একাধিক প্রশ্ন শুনতে হয়েছে দলের অভিজ্ঞ দুই ব্যাটার মুমিনুল-মুশফিককে নিয়ে। শেষ ১১ টেস্ট ইনিংসে একবারও ৫০ পেরোতে না পারা মুমিনুলের মানসিক দৃঢ়তা নিয়ে প্রশংসা করতে দেখা গেল শান্তকে। আর শেষ ১২ ইনিংসে মাত্র এক ৫০—চিন্তার কারণ মুশফিক। তবে তার অভিজ্ঞতাকে মূল্যায়ন করলেন ক্যাপ্টেন।
নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শুধু ব্যাটিং না, ব্যাটিংয়ের পাশাপাশি আরও অনেক কিছু থাকে—ড্রেসিংরুম বলেন বা মাঠের মধ্যে বলেন, ওনার এক্সপেরিয়েন্সটা অনেক কাজে লাগে। সো আমি জানি যে পরের ম্যাচে উনি আরও ভালোভাবে কামব্যাক করবেন। মুমিনুল ভাই হ্যাঁ অবশ্যই বাইরে স্ট্রাগল করছে। বাট আমাদের যে টিম, অ্যাগেইন ওনার যে এক্সপেরিয়েন্স, অবশ্যই এটা কাজে দেবে এবং উনি মেন্টালি খুব স্ট্রং।’
ম্যাচ হারের আক্ষেপের পাশাপাশি দলে একজন অলরাউন্ডার না থাকারও আক্ষেপ ঝরলো বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।





