বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে প্রতিটি পয়েন্টই এখন দলগুলোর জন্য সোনার চেয়ে দামি। ওয়েলিংটনে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করেছে ভারত। এই এক ড্রয়ে ভারতের জয়ের হার কমেছে ঠিক দুই শতাংশ। ১২ ম্যাচ খেলে ৫ জয়ে ভারতের সংগ্রহ এখন ৭২ পয়েন্ট। জয়ের শতকরা হারে ৫০ শতাংশ নিয়ে আপাতত চার নম্বরে অবস্থান করছে তারা।
ঠিক সেখান থেকেই উঁকি দিচ্ছে বাংলাদেশের সেরা চারের সম্ভাবনা। এখন পর্যন্ত ৯ টেস্ট খেলে ৩টিতে জয় পেয়েছে টাইগাররা। বাংলাদেশের ঝুলিতে জমা হয়েছে ৪৪ পয়েন্ট, আর জয়ের শতাংশ ৪০ দশমিক ৭৪।
সেঞ্চুরিয়ন টেস্ট জয় পেলে বাংলাদেশের ১০ ম্যাচে জয়ের সংখ্যা বেড়ে হবে ৪টি। জয়ের খাতায় নতুন পয়েন্ট যুক্ত হলে বাংলাদেশের মোট পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৫৬, আর সেই সাথে লাফিয়ে বাড়বে জয়ের শতকরা হারও। ১০ ম্যাচে ৪ জয় আর দুই ড্রয়ে আগের চেয়ে প্রায় ৬ শতাংশ বেড়ে হবে ৪৬ দশমিক ৬৭ শতাংশ। অর্থাৎ এই ম্যাচে জয় পেলে ভারতের জয়ের শতাংশের কাছাকাছি যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের।
তবে বাংলাদেশ যদি সেঞ্চুরিয়নে ড্র করে মাঠ ছাড়ে তাহলে সামান্য কমে আসবে নাজমুল শান্তদের জয়ের হার। বর্তমানে থাকা ৪০ দশমিক ৭৪ থেকে সামান্য কমে জয়ের শতাংশ এসে দাঁড়াবে ৪০ শতাংশ তে।
সেরা চারে ঢুকতে হলে বাংলাদেশকে যেমন জিততে হবে প্রতিটি ম্যাচ সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে ভারতের বাকি ৬ টেস্টের দিকেও। তবে সেঞ্চুরিয়নে জয় পেলে বাংলাদেশ যে পয়েন্ট ও জয়ের শতাংশের দৌড়ে শক্তভাবেই এগিয়ে যাবে তা বলাই যায়। সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে এই টেস্ট হতে যাচ্ছে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ অভিযানের অন্যতম বড় টার্নিং পয়েন্ট





