ঝিনাইদহের সীমান্তে ২ মানব পাচারকারী দালালসহ আটক ৬

ঝিনাইদহ
আটক ব্যক্তিরা
অপরাধ
0

ঝিনাইদহের জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের দালাল, চিহ্নিত মাদক চোরাকারবারি ও অনুপ্রবেশকারীসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (সোমবার, ২৩ নভেম্বর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো দুটি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, আজ রাত ১টা ৩০ মিনিটে জীবননগর থানার বেনীপুর গ্রামস্থ বিস্তিপাড়া এলাকা থেকে চারজনকে আটক করা হয়। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকালে তিনজন বাংলাদেশি নাগরিক (দুইজন পুরুষ ও একজন নারী) এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় পুরুষ নাগরিককে আটক করা হয়।

আটককৃত পুরুষ বাংলাদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন নড়াইল সদর থানার দেবীপুর গ্রামের সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানার নগরচাপরাইল গ্রামের সুজন বিশ্বাস (৩৪)। এছাড়া আটক বাংলাদেশি বংশোদ্ভূত ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তার বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাঁকড়া গ্রামে। বাংলাদেশে তার ঠিকানা খুলনার দিঘলীয়া থানার কুলা গ্রামে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

এর আগে রোববার (২২ নভেম্বর) মহেশপুর উপজেলার দুটি পৃথক এলাকায় বিশেষ টহল পরিচালনা করে অবৈধভাবে পারাপারে সহায়তাকারী দুই দালালকে আটক করে ৫৮ বিজিবি।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে জিন্না নগর বাজারের পাকা রাস্তার ওপর থেকে মো. জহুরুল হক (৩৮) নামের এক দালালকে আটক করা হয়। নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জহুরুল হকের বাড়ি মহেশপুর থানার ছয়ঘরিয়া গ্রামে। বিজিবি জানিয়েছে, তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে তিনটি মামলা রয়েছে।

একই দিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লেবুতলা গ্রামের বটতলা রাস্তার ওপর থেকে মো. আকবর আলী মণ্ডল (৪০) নামের আরেকজনকে আটক করা হয়। হাবিলদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলে আটক আকবর আলীকে চিহ্নিত মাদক চোরাকারবারি ও অবৈধভাবে পারাপারে সহায়তাকারী দালাল হিসেবে উল্লেখ করেছে বিজিবি।

তার বাড়ি মহেশপুর থানার মাটিলা মাঠপাড়া গ্রামে। তাঁর বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পাসপোর্ট আইনে মামলা রয়েছে বলে জানানো হয়েছে। পরে আটককৃত দুজনকেই মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

এফএস