সান্তিয়াগো বার্নাব্যুতে ডাগ আউটে আসছেন হোসে মৌরিনিও

হোসে মৌরিনিও
ফুটবল
এখন মাঠে
0

সান্তিয়াগো বার্নাব্যুতে আবারও দ্যা স্পেশাল ওয়ান। মাদ্রিদের অস্থিরতা আর উত্তপ্ত সময় সামাল দিতে ডাগ আউটে আসছেন হোসে মৌরিনিও। তার ফেরা নিয়ে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। সেই পালে এবার হাওয়া দিলেন বর্তমান কোচ আলভারো আরবেলোয়া।

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুম কি এখন জ্বলন্ত বারুদ? এমবাপ্পে-আরবেলোয়া দ্বন্দ্ব কিংবা ভালভার্দে-চুয়ামেনির মারামারির ঘটনায় স্প্যানিশ জায়ান্টদের অন্দরমহল এখন টালমাটাল। সঙ্গে টানা দুই মৌসুম ট্রফিখরায় কাটানোর পর কর্তৃপক্ষও বেজায় ক্ষিপ্ত। এতসব অস্থিরতা ঢাকতেই কি মাদ্রিদে ডাক পড়েছে তাদের বিপদের কাণ্ডারির? ইউরোপিয়ান ফুটবল পাড়ায় এখন সবচেয়ে বড় গুঞ্জন, আবারও রিয়াল মাদ্রিদের ডাগআউটে ফিরছেন দ্য স্পেশাল ওয়ান হোসে মৌরিনিও।

দুই মৌসুম মিলিয়ে তিন কোচ পরিবর্তন। তাতেও রিয়ালের ড্রেসিংরুমে বিশৃঙ্খলা থামানো যাচ্ছে না। এমন সময় সভাপতি পেরেজের চোখ আবারও সেই মৌরিনিওর উপর। যিনি ২০১০ থেকে '১৩ পর্যন্ত পেপ গার্দিওলার অপ্রতিরোধ্য বার্সেলোনার দম্ভ চূর্ণ করে মাদ্রিদকে এনে দিয়েছিলেন রাজকীয় সাফল্য। ২০১১-১২ মৌসুমে লা লিগা ইতিহাসে সর্বোচ্চ ১০০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হওয়া, কোপা দেল রে, এবং স্প্যানিশ সুপার কাপ সবই জিতেছিলেন মৌরিনিও।

ক্লাব কর্তাদের বিশ্বাস,এই মুহূর্তে দলের গৌরব ফেরানো আর বিশৃঙ্খলা দমনের জন্য এই পর্তুগিজ কোচের বিকল্প কেউ হতে পারে না।

আরও পড়ুন:

বর্তমানে নিজ দেশের ক্লাব বেনফিকার দায়িত্বে আছেন মৌরিনিও। গুঞ্জন আছে, ৩ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করলেই চুক্তি ভাঙতে বাধা নেই তার। বেনফিকার চুক্তি নবায়নের প্রস্তাবও আপাতত টেবিলে ঝুলিয়ে রেখেছেন এই পর্তুগিজ ট্যাকটিশিয়ান। সবমিলিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, মৌসুম শেষে আরবেলোয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন মৌরিনিও। এ অবস্থায় মাদ্রিদের বর্তমান কোচের বক্তব্যও গুঞ্জনে দিচ্ছে জোর হাওয়া।

আরবেলোয়া বলেন, একজন সাবেক খেলোয়াড় এবং রিয়াল মাদ্রিদ ভক্ত হিসেবে আমার কাছে হোসে মৌরিনিও সবসময়ই নাম্বার ওয়ান। সে আমাদেরই একজন। সে যদি আগামী মৌসুমে ফিরে আসে তাকে আবার নিজের ঘরে স্বাগত জানাতে পেরে আমি সবচেয়ে বেশি খুশি হবো।

তবে মৌরিনিও ফিরলে রিয়াল স্কোয়াডে যে বড় ধরনের ছাঁটাই আর রদবদল আসবে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ড্রেসিংরুমের এই পাউডার কেগ বা বারুদের স্তূপ নেভাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মরিনিওর দ্বিতীয় অধ্যায়টা কতটা সফল হয়।

ইএ