বিশ্বমঞ্চে আবারও মেসিতেই ভরসা আলবিসেলেস্তেদের

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

নিজের ক্যারিয়ারকে লিওনেল মেসি অমরত্ব দিয়েছিলেন কাতারের লুসাইলে। নিজের নামের পাশে থাকা সব বিতর্ক বিদায়ের পাশাপাশি মেসি আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন তৃতীয় বিশ্বকাপ শিরোপা। মার্কিন যুক্তরাষ্ট্রে লিওনেল মেসিকে নিয়েই আরেকবার বিশ্বকাপের মঞ্চে হাজির হচ্ছে আর্জেন্টিনা।

লুসাইল থেকে মেটলাইফ দুই স্টেডিয়ামের দূরত্ব সাড়ে ১০ হাজার কিলোমিটারের বেশি। চার বছর আগে লুসাইলে যে মহাকাব্যিক ক্ষণ উপহার দিয়েছিল আর্জেন্টিনা, মেটলাইফে সেটার পুনরাবৃত্তির স্বপ্নটাই দেখতে চাইছে আর্জেন্টিনা। আরও একটা বিশ্বকাপ যখন দুয়ারে, তখন কিছুটা বেসামাল হলেও আর্জেন্টিনার নামটা থাকছে ফেভারিটদের সংক্ষিপ্ত তালিকায়।

নামটা যখন আর্জেন্টিনা, তখন সেখানে সবচেয়ে প্রাসঙ্গিক নাম লিওনেল মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা চার বছর আগেই করে রেখেছিলেন তিনি। এবার তার সামনে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ডের হাতছানি। 'জে' গ্রুপে প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান। মেসির পা থেকে অন্তত আরও ৩ গোল আশা করতেই পারে ফুটবল দুনিয়া। আর সেই সঙ্গে একমাত্র ফুটবলার হিসেবে ৬ বিশ্বকাপে অ্যাসিস্টের পাশাপাশি এককভাবে সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিকও হতে পারেন মেসি।

আরও পড়ুন:

তবে বয়স বাড়তে থাকা মেসির বিকল্পটাও আছে লিওনেল স্কালোনির সামনে। ক্লাব পর্যায়ে হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ দুজনেই আছেন দুর্দান্ত ছন্দে। সেইসঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের গুইলিয়ানো সিমিওনে নিজের দিনে হতে পারেন বড় অস্ত্র।

মধ্যমাঠে কিছুটা ভাবতে হতে পারে স্কালোনিকে। রদ্রিগো ডি পল বা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা খুব একটা ছন্দে নেই। তবে ইতালিয়ান ক্লাব কোমো-তে দুর্দান্ত সময় পার করেছেন নিকো পাজ। তবে বাড়তি নজর থাকবে নিকোলাস গঞ্জালেস এবং থিয়াগো আলমাদার দিকে।

রক্ষণে আরও একবার আর্জেন্টিনার ভরসা ওতামেন্দি-রোমেরো জুটি। ইনজুরি পার করে বিশ্বকাপে আসবেন রোমেরো। দুজনের যে কারো অনুপস্থিতিতে লিসান্দ্রো মার্তিনেজে থাকবে ভরসা। ২০২২ বিশ্বকাপের মলিনা-মন্তিয়েল এবং এমিলিয়ানো মার্তিনেজ এবারেও থাকবেন আর্জেন্টিনার ভরসা হয়ে।

তিনবার শিরোপা এবং তিনবার রানার আপ। সবশেষ যুক্তরাষ্ট্রের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ তারকা ম্যারাডোনাকে সইতে হয়েছিল ডোপ কেলেঙ্কারির কালিমা। আবার ৮৬ সালে মেক্সিকোতে আর্জেন্টিনা দেখেছিল অমর ম্যারাডোনাকে। দুই দেশই যখন ২০২৬ বিশ্বকাপের আয়োজক, তখন আর্জেন্টিনার ভাগ্য আবার কোন ইতিহাস জন্ম দেবে, সেটাই দেখার অপেক্ষা।

এফএস