ঢাকায় পা রেখেছেন গতকাল (শুক্রবার, ২২ মে) সকালেই। আর বিকেলেই হাজির হন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে। সেখানেই বাংলাদেশ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয় থমাস ডুলিকে। সেখানে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও।
অনুষ্ঠানেই বাংলাদেশ দলকে নিয়ে নিজের লক্ষের কথা তুলে ধরলেন ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়া এ কোচ। স্পষ্ট করেন, ফিফা র্যাংকিংয়ের ১৮০ এর আশপাশে থাকা বাংলাদেশকে দ্রুত উপরে তুলে আনা সহজ হবে না। তবে তাঁর বিশ্বাস, সঠিক পরিকল্পনা আর কঠোর পরিশ্রম থাকলে পরিবর্তন সম্ভব।
আরও পড়ুন
বাংলাদেশ ফুটবল জাতীয় দলের কোচ টমাস ডুলি বলেন, ‘লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। আগামীকালই নয়, কিন্তু এক বছরের মধ্যে উন্নতি সম্ভব। আমার লক্ষ্য হলো বাংলাদেশকে ফিফা র্যাংকিংয়ে ১৬০ বা ১৫০-এর মধ্যে নিয়ে যাওয়া।’
দুই বছরের চুক্তিতে দায়িত্ব পাওয়া ডুলির পরিকল্পনায় শুধু ফল নয়, আছে ফুটবলের ধরন বদলের কথাও।
টমাস ডুলি বলেন, ‘বাংলাদেশ শুধু বলের পেছনে না ছুটে নিজেদের নিয়ন্ত্রণে রেখে আত্মবিশ্বাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলুক।’
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের পর বড় কোনো সাফল্য না পাওয়া বাংলাদেশের ফুটবলে নতুন স্বপ্ন দেখাচ্ছেন ডুলি। এখন দেখার বিষয়, তার হাত ধরে বদলায় কি না বাংলাদেশের ফুটবলের ভাগ্য।





