৮৫ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে শেষ ষোলো নিশ্চিত করেছে বেলজিয়াম। তিন মিনিটে দুই গোল শোধ করে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে বির্তকিত পেনাল্টিতে গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে রেড ডেভিলরা।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। ১৩ মিনিটেই ইসমাইলা সারের শট পোস্টে লেগে ফিরে এলে অল্পের জন্য বেঁচে যায় বেলজিয়াম। তবে ২৫ মিনিটে আর রক্ষা হয়নি তাদের। সাদিও মানের দারুণ ক্রস থেকে হাবিব দিয়ারা ফিরতি বলে জাল খুঁজে পেলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। বিরতির আগ পর্যন্ত বলের দখলে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেনি বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিয়াখাতের লম্বা পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত হাফ-ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার। ২-০ গোলে পিছিয়ে পড়ে বিদায়ের শঙ্কায় পড়ে যায় বেলজিয়াম। তবে শেষদিকে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৬ মিনিটে ডোডি লুকেবাকিওর ক্রস থেকে হেডে ব্যবধান কমান রোমেলু লুকাকু।
এর ঠিক তিন মিনিট পর জেরেমি ডোকুর কর্নার থেকে ইউরি টিলেমান্সের শক্তিশালী হেডে সমতায় ফেরে রেড ডেভিলস।
অতিরিক্ত সময়েও সমানে সমান লড়াই চলার পর শেষ মুহূর্তে ভিএআরের সহায়তায় ১২৫ মিনিটে স্পট কিক পায় বেলজিয়াম। তাতেই হতাশায় ফেটে পড়ে সেনেগাল। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন রাউন্ড অফ সিক্সটিনে টিলেমান্স। রাউন্ড অফ সিক্সটিনে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র অথবা বসনিয়া।





