স্ক্যালোনির ভবিষ্যৎ অনিশ্চিত, আর্জেন্টিনা জার্সিতে কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি!

স্ক্যালোনি ও মেসি
ফুটবল , বিশ্বকাপ
এখন মাঠে
0

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের পর থেকেই কোচ লিওনেল স্ক্যালোনির ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা আলোচনা। নিজ এলাকায় ফিরেও একই সুরে কথা বললেন তিনি। আর লিওনেল মেসি এরইমাঝে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আকাশী-সাদা জার্সিতে এমন দাবি নিয়ে হাজির হয়েছেন দেশটির ক্রীড়া সাংবাদিকরা।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হয়নি। রানারআপের সিলভার মেডেল নিয়েই ঘরে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তবে, নিজ দেশে ফেরার পর থেকেই ভক্তদের পুরো সমর্থন পেয়েছেন তারা। ছাদখোলা বাসে সমর্থকদের ভালোবাসা পেয়েছেন রানারআপ দলের সদস্যরা। নিজ নিজ এলাকাতেও খেলোয়াড়-কোচদের প্রতি ভালোবাসা ছিলো আর্জেন্টাইন জনগণের।

ফাইনাল হারের পরেই সংবাদ সম্মেলনে কেঁদেছিলেন লিওনেল স্ক্যালোনি। নিজের ভবিষ্যৎ এবং বর্তমান দল নিয়ে মন্তব্য করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন কোচ। নিজ এলাকায় ফিরেও আবারও ভিজলো তার চোখ। সাংবাদিকদের সঙ্গে আলাপে আবারও বললেন, চুক্তি নবায়ন নিয়ে ভাবতে পারছেন না এখনই। বর্তমান চুক্তি অনুযায়ী, ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের ডাগআউটে থাকার কথা রয়েছে স্ক্যালোনির। সেই মেয়াদই আপাতত পূরণ করতে চান তিনি।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ডিসেম্বর পর্যন্ত এখানেই (আর্জেন্টিনা জাতীয় দল) আছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনাগুলো যেভাবে এগিয়েছে। মানুষ বুঝতে পেরেছে, আর্জেন্টিনার এ দলটি নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে। এরপর যা-ই ঘটুক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবসময়ই আর্জেন্টিনা। আমি দায়িত্বে থাকি বা না থাকি, সবচেয়ে মূল্যবান হলো এ ঐক্য, এই পারস্পরিক বন্ধন।’

এদিকে আর্জেন্টাইন ফুটবলের সিনিয়র সাংবাদিক হার্নান কাস্তিলো দাবি করেছেন, জাতীয় দলের জার্সিতে এরইমাঝে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে ফাইনালই আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ ছিল বলে এক্স-পোস্টে উল্লেখ করেছেন তিনি। এমনকি সতীর্থদের কাছেও মেসির এই বার্তা পৌঁছে গিয়েছে বলে জানান বুয়েন্স এইরেসের এ সাংবাদিক।

যদিও স্প্যানিশ দৈনিক মার্কার ভাষ্য ৩৯ বছর বয়সী লিওনেল মেসির জাতীয় দলের যাত্রা এখনই থামছে না। ২০২৮ সালের কোপা আমেরিকা মেসির ভাগ্য নির্ধারণ করবে বলে উল্লেখ করেছে মার্কা। সেক্ষেত্রে, আরও দুই বছর মেসিকে জাতীয় দলে দেখার সুযোগ পাবেন আর্জেন্টাইন ভক্তরা।

এফএস