বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা এবং এর সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখন চরমে। সাম্প্রতিক সমালোচনার মুখে এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে ফিফা। সংস্থাটির দাবি- ইনফান্তিনোকে পদচ্যুত করতে কিছু গণমাধ্যম ‘সংগঠিত চক্রান্ত’ ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সভাপতিকে হঠাতে অশুভ চেষ্টা চালানো হচ্ছে। সংবাদমাধ্যমে উঠে আসা অভিযোগগুলোকে বিভ্রান্তিকর ও মানহানিকর বলেও দাবি করে ফিফা। তবে গণমাধ্যমকে ফিফা দোষারোপ করলেও বিতর্ক আড়াল হচ্ছে না।
আরও পড়ুন
ফিফা পাল্টা অভিযোগ তুলে দায় এড়াতে চাইলেও, বাস্তব পরিস্থিতি ইনফান্তিনোর দিকেই আঙুল তুলছে। কারণ, চক্রান্তের এই বাগযুদ্ধের মধ্যেই নিজের অতীত কর্মকাণ্ড নিয়ে বড় ধরনের তদন্তের মুখে পড়ছেন ফিফা সভাপতি।
উয়েফার জেনারেল সেক্রেটারি থাকাকালে ইনফান্তিনোর কথিত এক নারী সঙ্গীকে পদত্যাগের বিনিময়ে ছয় অঙ্কের বিশাল অর্থ ও এমবিএ কোর্সের খরচ পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরপরই, উয়েফায় থাকা অবস্থায় তাঁর পুরো মেয়াদের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পুনর্বিবেচনা ও তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে
উয়েফার টুর্নামেন্ট বয়কটের হুমকি আর একের পর এক কেলেঙ্কারি ফাঁসের এ জোড়া ধাক্কায় ইনফান্তিনোর অবস্থান এখন চরম সংকটে। ফিফা সংবাদমাধ্যমের ওপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও, এ আইনি ও প্রশাসনিক জটিলতা তিনি কীভাবে সামাল দেবেন- এখন সেটাই দেখার বিষয়।





