বংশোদ্ভূত ফুটবলারদের অংশগ্রহণকে স্বাগত জানানো উচিত: মামুনুল

কথা বলেছেন মামুনুল ইসলাম
ফুটবল
এখন মাঠে
0

দেশিয় বা বংশোদ্ভূত, সব ফুটবলারকে একই চোখে দেখার আহ্বান মামুনুল ইসলামের। অরিজিন ফুটবলারদের অংশগ্রহণকে স্বাগত জানানো উচিত বলেই মত জাতীয় দলের সাবেক অধিনায়কের। একই মত ফাহাদ করিমেরও। জাতীয় দলের জন্য যে খেলোয়াড় ভালো, তাকেই সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি।

চলছে আসিয়ান কাপের ক্যাম্প। ডাক পাওয়া ফুটবলারদের পর্যবেক্ষণ করছেন হেড কোচ থমাস ডুলি। এরই মধ্যে বেশ কয়েকজন ফুটবলারকে বাদ দিয়েছেন তিনি। যা নিয়ে দেশের ফুটবলভক্তদের একাংশের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে বরাবরই বেশ আশাবাদী সমর্থকরা। সে তুলনায় দেশিয় খেলোয়াড়দের যেন কিছুটা খাটো করেই দেখেন অনেকে। তবে দেশি ও বংশোদ্ভূত খেলোয়াড়দের একই চোখে দেখার আহ্বান জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুলের কণ্ঠে।

তিনি বলেন, ‘বিদেশি আর দেশি তো ডিফারেন্স করতে পারবেন না, পতাকা তো একটাই বহন করে, জার্সি তো একটাই পরে। সেক্ষেত্রে যেটাই হচ্ছে ভালো হচ্ছে। যারা আসতেছে, তারা পারফর্ম করতেছে। তাদের জন্যই তো বাংলাদেশের ফুটবলের এই ক্রেজ। আপনি হামজা-শমিতদের যেমন বাদ দিতে পারবেন না, রাকিব-তপু-মোরসালিনদেরও বাদ দিতে পারবেন না। এই সবকিছু মিলেই একটা দল।’

আরও পড়ুন:

অবশ্য অরিজিন ফুটবলারদের অংশগ্রহণকে ইতিবাচকভাবেই দেখতে চান মামুনুল ইসলাম। তাদের নিয়ে কীভাবে জাতীয় দলকে আরও শক্ত করা যায়, সেদিকে মনোযোগ দেয়ার পরামর্শ তার।

মামুনুল বলেন, ‘অরিজিন খেলোয়াড়, হামজার সঙ্গে আমাদের দেশি খেলোয়াড়দের যে সম্পর্ক থাকবে, ৩০ থেকে ৪০ জনের একটা স্কোয়াড থাকবে, ওখানে যত বেশি ফাইট হবে, আপনি ওপরের দিকে ভালো রেজাল্ট করবেন। এটা তো ভালো, যারা আসতেছে আমাদের দেশকে ভালো কিছু দেয়ার জন্য আসতেছে। আপনার এটাকে অবশ্যই বাহবা দিতে হবে।’

এছাড়া জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে বয়সভিত্তিক দল নিয়েও কাজ করা উচিত বলে মত মামুনুলের।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের কণ্ঠেও একই সুর। তিনি বলেন, ‘ট্রায়াল বা টিম ইনক্লুশন হোক; কিংবা জায়ানের মতো ইয়ুথ টিমে ঢুকে জাতীয় দলে জায়গা করে নেয়া—যে মেথডই হোক, যখন কেউ ইয়ুথ টিম থেকে জাতীয় দলে জায়গা করে নেয়, তখন সে কিন্তু আর প্রবাসী নয়। সে তখন বাংলাদেশি। তাই একজন বাংলাদেশি খেলোয়াড় কোথা থেকে আসলো, সেটা গুরুত্বপূর্ণ নয়, সেরা একাদশের সবাই যদি এরকম বাইরে থেকে আসে, সেটা হতে পারে। আবার দলের শক্তিমত্তা যদি এমন হয় যে সবাই ডমেস্টিক লিগ থেকে হয়ে আসবে, সেটাই হবে। এখানে অরিজিন মুখ্য নয়।’

এসএইচ