এল ক্ল্যাসিকো জিতে দারুণ আত্ববিশ্বাসী রিয়াল মাদ্রিদের লক্ষ্য এবার বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানো। সেই লক্ষ্যেই রেসিং সানতান্দারের বিপক্ষে মাঠে নামছে পয়েন্ট টেবিলের তিনে থাকা হোসে মরিনিওর দল। এই ম্যাচেও লাল কার্ড নিষেধাজ্ঞার কারণে একাদশে থাকছেন না ভিনিসিয়াস।
তবে ম্যাচের আগে মাঠের লড়াই ছাপিয়ে সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিলেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং নিয়ে বিতর্কিত মন্তব্য ঘিরে এমবাপ্পেকে নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছে, সে বিষয়ে সম্পূর্ণ শান্ত থেকে ক্লাব ও খেলোয়াড়ের প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন কোচ মরিনিও।
মরিনিও বলেন, ‘খুব শান্ত থেকেছি, কারণ আমার ক্লাব হলো রিয়াল মাদ্রিদ এবং আমার খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ এবং এমবাপ্পেসহ উভয় পক্ষই দ্রুত যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে তাদের মার্জিত মনোভাব প্রকাশ পেয়েছে। কোচ হিসেবে আমি আমার ক্লাব এবং খেলোয়াড় উভয়ের পক্ষ থেকেই যথেষ্ট প্রতিনিধিত্ব অনুভব করছি।’
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডের দীর্ঘ ১৪ বছরের জয়খরা কাটাতে লিভারপুলের মুখোমুখি হচ্ছে আর্সেনাল। অলরেডদের নিয়ে সতর্ক গানার কোচ মিকেল আর্তেতা। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে ছোট ছোট লড়াইগুলোতে জিততে চান লিভারপুল বস।
মিকেল আর্তেতা বলেন, ‘আমি মনে করি সব শীর্ষ ক্লাবই নিশ্চিতভাবে শিরোপার দাবিদার। মৌসুমের এই সময়টায় তাদের স্কোয়াড, কোচ এবং ইতিহাস দেখলেই তা বোঝা যায়। আজ (রোববার, ১ নভেম্বর) একটি বড় ম্যাচের প্রত্যাশা করছি এবং আমরা সেটির অপেক্ষায় আছি। দীর্ঘ ১৪ বছর ধরে আমরা সেখানে জিততে পারিনি, তাই এবার এটি করে দেখানোর সময়।’
লিভারপুল বস বলেন, ‘শেষ পর্যন্ত এটি দ্বৈরথগুলো জেতা, তাদের চেয়ে বেশি দৌড়ানো, অ্যারিয়াল ডুয়েল জেতা এবং সেট-পিসের ছোট যুদ্ধগুলোতে জয়ের বিষয়। আর্সেনালের বিরুদ্ধে এই বিষয়গুলোই আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে।’
মাঠের বাইরের নানা উত্তেজনার আর হিসেব নিকাশের পর এবার মাঠে নিজেদের প্রমাণ করার পালা। রাতের রোমাঞ্চকর ম্যাচগুলোতে কে হাসবে শেষ হাসি, সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।





