রোমাঞ্চের পসরা সাজিয়েই আন্তর্জাতিক বিরতিতে গেল ইউরোপিয়ান ফুটবল। একই রাতে দারুণ প্রত্যাবর্তন দেখিয়েছে বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড, জয় পেয়েছে ইন্টার মিলানও।
মেট্রোপলিটানো স্টেডিয়ামে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। পরপর দুই বিগ ম্যাচে হারের কারণে মানসিকভাবে কিছুটা পিছিয়েই ছিলো হ্যান্সি ফ্লিকের দল। অ্যাতলেটিকোর বিপক্ষে শুরুটাও ছিলো মলিন। হুলিয়ান আলভারেজের পাস থেকে গোল করে অ্যাতলেটিকোকে লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গুইলিয়ানো সিমিওনে। প্রথমার্ধের পুরোটা সময়জুড়ে ডিয়েগো সিমিওনের দলই কিছুটা আগ্রাসী ছিলো।
তবে দৃশ্যপট বদলায় দ্বিতীয়ার্ধে। শুরুতেই ফের্মিন লোপেজের ফিনিশে ম্যাচে সমতা আনে বার্সা। বল দখলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণও ফিরিয়ে আনে দলটি। শেষ পর্যন্ত ফের্মিনের পা থেকেই ৬৬ মিনিটে আসে বার্সার জয়সূচক গোল।
ইপিএলে আরেক প্রত্যাবর্তন লিখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই দফায় দুই গোলে পিছিয়ে পড়েও ৪-৪ সমতায় ম্যাচ শেষ করেছে রেড ডেভিলরা। ম্যাচ শুরুর ৪ মিনিটেই দুই গোল আদায় করে ভিলা।
সেখান থেকে প্রথমার্ধেই ব্রুনো ফার্নান্দেজ এবং ইউরি টিলেমেন্স ইউনাইটেডকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের ব্যবধানে আবারও দুই গোলের লিড নেয় ভিলা। নিশ্চিত হারতে থাকা ম্যাচে ইউনাইটেড জয় পায় জির্কজে এবং ডরগুর কল্যাণে। ইনজুরি টাইমে আবারও দুই গোল করে ৪-৪ সমতায় ম্যাচ শেষ করে রেড ডেভিলরা।
এদিকে ইতালিতে বিগ ম্যাচে কোমোর বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিলান। ২০ মিনিটের মধ্যেই নিজেদের কাজ শেষ করেছে নেরাজ্জুরিরা। ১২ মিনিটে ফ্রান্সিসকো এস্পাসিতো এবং ১৯ মিনিটে মার্কাস থুরামের গোলেই নিষ্পত্তি হয় ম্যাচটি।





