গ্রেপ্তাররা হলেন- চঞ্চল মণ্ডল (৩৮), তার স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগম (৬৫)। আজ (সোমবার, ৯ নভেম্বর) তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ হয়। একপর্যায়ে ময়নার ঘরের পেছনে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় বাঁশ দিয়ে তার বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেন। রোববার দিবাগত মধ্যরাতে মামলাটি নথিভুক্ত হয়। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে সোমবার আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





