উরুগুয়ের কাছে ২-১ গোলে হারলো আর্জেন্টিনা

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে
ফুটবল
এখন মাঠে
0

লিওনেল মেসিকে ছাড়া প্রথম আন্তর্জাতিক ম্যাচেই হোঁচট আর্জেন্টিনার। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। শুধু মাঠের ফল নয়, গ্যালারির ফাঁকা আসনও যেন জানান দিল মেসির অনুপস্থিতির প্রভাব। স্কালোনির নতুন অধ্যায়ও শুরু হলো হার দিয়ে।

৫৮ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম লা বোমবোনেরা। অথচ মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম ম্যাচে গ্যালারির প্রায় অর্ধেকই ফাঁকা। বিশেষ আসনের টিকিটে ৪০ শতাংশ ছাড় দিয়েও পূরণ হয়নি গ্যালারি। না থেকেও যেন নিজের প্রভাব আর শূন্যতার প্রমাণই দিয়ে গেলেন মেসি।

মাঠের লড়াইয়েও হতাশ করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দু’দলই বেশ কিছু আক্রমণ করলেও সাফল্যের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই ধাক্কা না সামলাতেই সফরকারীদের লিড দ্বিগুণ করেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। কর্নার থেকে হেডে গোল করেন তিনি। সেট পিসে আর্জেন্টিনার পুরনো সমস্যারই যেন পুনরাবৃত্তি এ ম্যাচে।

আরও পড়ুন:

অবশ্য দুই গোল হজমের পর হাল ছাড়েনি আর্জেন্টিনা। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আলবিসেলেস্তেরা। এর আগে দ্য স্পাইডার কোনো ম্যাচে গোল করলে হারেনি আর্জেন্টিনা। তবে এই ম্যাচে হার এড়ানো যায়নি। শেষ পর্যন্ত ২-১ গোলের এই হার বুয়েনস এইরেসে উরুগুয়ের বিপক্ষে টানা দ্বিতীয়বার হারল লিওনেল স্কালোনির শিষ্যরা।

পরিসংখ্যানেও এসেছে বড় ধাক্কা। ২০১৯ সালের মার্চের পর এই প্রথম প্রীতি ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। সময়ের হিসেবে যা প্রায় সাড়ে ৭ বছর। থেমেছে প্রীতি ম্যাচে আকাশী-নীলদের টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার ধারাও। আর কোচ হিসেবে ১০৮ ম্যাচে স্কালোনির এটি ১১তম পরাজয়।

মেসির বিদায়ের পর প্রথম পরীক্ষাতেই ব্যর্থ আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এখন মেসি-পরবর্তী দল হিসেবে নিজেদের গড়ে তোলাই হবে বড় চ্যালেঞ্জ।

এসএস