ওয়ার্ম আপেই সীমাবদ্ধ অনুশীলন— ডুলির কোচিং নিয়ে প্রশ্ন

মাঠে খেলোয়াড়দের অনুশীলন; ইনসেটে থমাস ডুলি
ফুটবল
এখন মাঠে
0

অনুশীলনের নামে কেবলই ওয়ার্ম আপ সেশন, পছন্দ না হওয়ার অজুহাতে ফিটনেস ট্রেনারের কাজে বাধা সৃষ্টি কিংবা প্রতিপক্ষ নিয়ে ধারণা না থাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বাংলাদেশ দলের বিদায়ের পর এমন সব অভিযোগ কোচ থমাস ডুলির বিপক্ষে। জাতীয় দলের ড্রেসিংরুমের এক বিশ্বস্ত সূত্র এখন টিভিকে জানালেন, কোচ ডুলির অদ্ভুতুড়ে কোচিং দর্শন নিয়ে।

সাফ চ্যাম্পিয়নশিপের অনুশীলন ক্যাম্প তখন চলছে জোরেশোরে। বাংলাদেশের সবাই বিভোর শিরোপা স্বপ্নে। তবে, থমাস ডুলির ক্যাম্পে তখনই বিশ্বাসের ভাঙন।

সহকারী কোচ হাসান আল মামুন পদত্যাগ করলেন। আবার ফিরেও এলেন। কেন সরে গিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর সাবেক এই মিডফিল্ডার দেননি। তবে, এখন টিভির উৎসুক মন সেই উত্তর খুঁজতে চেয়েছিল। আর তাতেই ড্রেসিংরুমের বিশ্বস্ত এক সূত্রের মাধ্যমে বেরিয়ে এলো কোচ ডুলির অদ্ভুতুড়ে কোচিং দর্শনের পুরোটা।

ড্রেসিংরুমের বিশ্বস্ত এই সূত্র ক্যাবরেরার শেষভাগ থেকে আছেন জাতীয় দলে। তার কাছ থেকেই জানা গেল, থমাস ডুলির কোচিং দর্শন আর বিভিন্ন সিদ্ধান্ত ড্রেসিংরুমে এনেছে অস্বস্তি।

‘সি’ লাইসেন্সধারী কোচ, যিনি মূলত একজন দোভাষী. তাকেই ডুলি রেখেছেন নিজের সহকারী কোচ হিসেবে। আবার কেবল ‘পছন্দ হচ্ছে না’ এমন অজুহাতে ফিটনেস ট্রেনার দলে থাকলেও তাকে কাজ করতে দেয়া হচ্ছে না যথাযথ নিয়মে। পাকিস্তান ম্যাচেই যার খেসারত দিয়েছে দল।

প্রতিপক্ষ নিয়েও পর্যাপ্ত হোমওয়ার্ক না করেই একাদশ সাজিয়েছেন ডুলি। শ্রীলঙ্কা ম্যাচের আগে ১৯ নম্বর জার্সিধারী উইলিয়াম থমসনের পজিশন এবং পরিকল্পনা নিয়ে ড্রেসিংরুমে তর্কাতর্কিও ঘটেছিল বলে জানতে পেরেছে এখন টিভি।

কোচ ডুলির তুলনায় ট্যাকটিকাল সিদ্ধান্তের জন্য হামজা চৌধুরী আর শোমিত শোমের ওপরেই বেশি নির্ভরশীল দল। পাকিস্তান ম্যাচের আগেও শোমিত একাই করেছেন প্রতিপক্ষের ট্যাকটিকাল ব্যবচ্ছেদ। প্রবাস থেকে আসা দুই ফুটবলারই বলতে গেলে ড্রেসিংরুমে বাংলাদেশের কোচ।

জাতীয় দলের কোচিং প্যানেলের এমন পরিস্থিতিতে রীতিমত ক্ষুব্ধ সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি।

নামের ভারে এগিয়ে থাকলেও সাফের স্বপ্নভঙ্গের দায় নিতে হচ্ছে থমাস ডুলিকেও। বছর পার হওয়ার আগে আরও একটা সাফ আয়োজনের চেষ্টা চলছে। সেই সাফের আগে কোচিং প্যানেল নিয়েও ভাবার সুযোগ আছে বাফুফের।

জেআর