টুর্নামেন্টের রীতি অনুযায়ী প্রতি দুই বছর পর পরই মাঠে গড়ানোর কথা সাফ চ্যাম্পিয়নশিপের। তবে শুরুর চার আসর বাদ দিলে কখনোই নিজেদের রীতি মানতে পারেনি সাফ। একই ঘটনা দেখা যেতে পারে ২০২৭ সালে এসেও।
২০২৬ সালের নভেম্বরে ঢাকায় সাফ শেষে আট মাস পরে ২০২৭ সালে আবার টুর্নামেন্ট আয়োজনের ভাবনা আছে সাফের। এরই মাঝে নিজেদের মধ্যে প্রাথমিক আলোচনাও করে ফেলেছেন সংস্থার নীতিনির্ধারণী পর্যায়ের সদস্যরা। ভারত কিংবা শ্রীলঙ্কা হতে পারে পরবর্তী সাফের আয়োজক। ১৯৯৫ সালের পর থেকে আর সাফ আয়োজন করতে না পারা লঙ্কানরা বিশেষভাবে আগ্রহী এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব নিতে।
শ্রীলঙ্কা ফুটবলের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবি করা হয়েছে, আট মাস পর সাফ আয়োজন করতে যাচ্ছে দেশটি। রাজধানী কলম্বোতে বসবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর। তবে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত হয়নি বলে এখন টিভিকে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। বাফুফের এই কর্মকর্তার ভাষ্য, টুর্নামেন্টের আইন মেনে ভারতই আয়োজক হওয়ার মূল দাবিদার।
তবে আয়োজক যেই হোক, আট মাসের ব্যবধানে আরেকটা সাফ আয়োজনের খবরে খুশিই হতে পারে বাংলাদেশ। ঢাকায় খুব কাছ থেকে হতাশ হওয়ার পর হামজা-সুমিতদের সামনে আবারো শিরোপাখরা কাটানোর সুযোগ।





