লিগে মাঠে নেমে পাঁচ ম্যাচে মাত্র এক হার। পরিসংখ্যান বলছে, লিগে অবনমন লড়াইয়ের বাইরেই আছে রহমতগঞ্জ। কিন্তু মাঠের চেয়ে বাইরের লড়াইটাই যেন বেশি করতে হচ্ছে রহমতগঞ্জকে।
বাকি আরও ৯-১০ দলের মতো রহমতগঞ্জকেও প্রস্তুতি ছাড়াই শুরু করতে হয়েছে লিগ। নিয়মিত অনুশীলনের সুযোগ নেই, সূচির সঙ্গেও মিলছে না পরিকল্পনা। ফলে নিজেদের সামর্থ্যের পুরোটা মেলে ধরতে পারছে না পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
রহমতগঞ্জ কোচ কামাল বাবু বলেন, ‘আর্থিক অবস্থা খুব একটা ভালো না। টিম চালাতে প্রিমিয়ার লিগে যে কোয়ান্টিটি আর কোয়ালিটি দরকার আমাদের আসলে কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নেই। সেই তুলনায় আমরা আরও ভালো আশা করেছিলাম। যদি প্র্যাক্টিস করে নামতে পারতাম মাঠে, ইনশাল্লাহ হ্যাঁ আমরা আরও ভালো অবস্থানে থাকতাম।’
তিনি বলেন, ‘আমাদের মাঠ কিন্তু এতো খারাপ ছিলো না, এবার সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো একটু অর্থনৈতিক চাপে আছে টিম। হ্যাঁ অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্যই মাঠ ঠিক করতে পারে নাই। কিন্তু প্রতিবারই আমরা এখানে খেলেই ভালো রেজাল্ট করি। আর এখানে খেলি, এখন আপনি দেখেন পুরান ঢাকার মধ্যে কিন্তু শুধু রহমতগঞ্জ ক্লাবই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত। অন্যান্য ক্লাবগুলি এই রাজনৈতিক পরিপ্রেক্ষিত বলেন কিংবা আধিপত্য বিস্তারের জন্য বলেন এই যে বিভিন্ন পরিস্থিতির কারণে আজ প্রায় বিলুপ্তির পথে।’
সম্পূর্ণ প্রস্তুতি ছাড়াই লিগ শুরু, পর্যাপ্ত অনুশীলনের অভাব এবং ক্লাবের আর্থিক খারাপ অবস্থার বক্তব্য
শুধু প্রস্তুতির সংকটই নয়, দল গঠনেও বড় ধাক্কা খেয়েছে রহমতগঞ্জ। গেল মৌসুমের স্কোয়াড থেকে চলে গেছেন ১৬-১৭ জন ফুটবলার। অর্থনৈতিক চাপ ও অভ্যন্তরীণ সমস্যায় এবার মাঠের সুযোগ-সুবিধাও আগের মতো রাখা সম্ভব হয়নি। টানা সূচির মাঝে নিজেদেরও গুছিয়ে তোলা সম্ভব হয়নি পুরান ঢাকার ক্লাবটির। নিজেদের অসহায়ত্বের পর এবার বাফুফের দিকে তাকিয়ে তারা।
রহমতগঞ্জের গোলকিপার মামুন বলেন, ‘আসলে প্র্যাক্টিস আমাদের খেলার শিডিউল সেভাবে কনফার্ম ছিলো না। আজ হবে কাল হবে এভাবে মনে করেন যে ডিলে করতে গেছে একটা পয়েন্টে। তো এই কারণে প্লেয়ারদের ফোকাসটা টোটালি খেলার মধ্যে থাকে না। এইজন্য ক্লাব অফিসিয়ালদেরও সমস্যা হয়, প্লেয়ারদের সমস্যা হয়। এই এইভাবে যে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আসলে এগুলো চেঞ্জ পাওয়া দরকার।’
কোচ কামাল বাবু বলেন, ‘প্লেয়ার এবং কি ম্যানেজমেন্টে যারা থাকে তারা প্রতিনিয়তই কথা বলে এগুলি নিয়ে। কিন্তু আসলে কেন যে এগুলি এতো গরমিল হচ্ছে একটা, আমাদের তো পূর্ণাঙ্গ একটা ফেডারেশন আছে কিন্তু তারপরও এই সূচিগুলি কেন জানি মিলছে না। আর তাছাড়া মাঠের ব্যাপারেও তো সব সব টিমগুলি অবজেকশন দেয়। কারণ কিছুই হতে যেয়েও হচ্ছে না। আর ফেডারেশনের বক্তব্য তো একটা আমরা দেখছি, আমরা করছি।’
অনুশীলন শিডিউলের বিপর্যয়ে ফুটবলারদের সমস্যার কথা এবং ফেডারেশনের সহযোগিতার প্রত্যাশা
অবশ্য, মাঝে আন্তর্জাতিক বিরতির মাঝে রহমতগঞ্জ ক্লাব নিজেদের উন্নয়নে কতটা মনোযোগ দিয়েছে সেটাও এক বড় প্রশ্ন। বিরতির পর ফেডারেশন কাপ আর লিগ শুরু হয়েছে। তবে, সুযোগটা কাজে লাগানো হয়নি রহমতগঞ্জ ক্লাব কর্তৃপক্ষের।





