ফিফা বিশ্বকাপ ভেন্যু সমাচার: উন্মাদনার রঙে রাঙাতে প্রস্তুত ‘এস্তাদিও গুয়াদালাহারা’

মেক্সিকোর ‘এস্তাদিও গুয়াদালাহারা’ স্টেডিয়াম
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-কে বরণ করে নিতে মেক্সিকোর ঐতিহ্যবাহী শহর গুয়াদালাহারা এখন পুরোপুরি উৎসবের রঙে রঙিন। তবে মেক্সিকোর সাম্প্রতিক নিরাপত্তা শঙ্কা কপালে কিছুটা চিন্তার ভাঁজ ফেললেও মাঠের উন্মাদনায় কোনো কমতি রাখতে নারাজ আয়োজকরা।

তিন দেশের যৌথ আয়োজনে বিশ্ব ফুটবলের যে মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে, তার অন্যতম প্রধান মঞ্চ হিসেবে প্রস্তুত মেক্সিকোর তৃতীয় বৃহত্তম শহর গুয়াদালাহারা। উৎসবের কেন্দ্রবিন্দুগুলোর দিকে তাকালেই চোখ আটকে যায় শহরের বুক চিরে দাঁড়িয়ে থাকা কাউন্টডাউন ক্লকটিতে। বিশ্বজুড়ে কোটি ফুটবলপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত ক্ষণের দিকে প্রতি মুহূর্তে ধাবিত হচ্ছে এ ঘড়ির কাঁটা।

ফুটবল কিংবদন্তি পেলের ভাস্কর্য থেকে শুরু করে নান্দনিক ফুটবল শিল্পকর্ম-গুয়াদালাহারার অলিতে-গলিতে এখন শুধুই ফুটবলের ছোঁয়া। শুধু ফুটবলই নয়, খেলা দেখতে আসা বিশ্বের হাজারো দর্শককে স্বাগত জানাতে প্রস্তুত শহরের ঐতিহাসিক গুয়াদালাহারা ক্যাথেড্রাল, দেগোল্লাদো থিয়েটার এবং জাপোপানের বিখ্যাত ব্যাসিলিকা চার্চের মতো দর্শনীয় স্থানগুলো। তৈরি করা হয়েছে সুবিশাল অফিশিয়াল ফ্যান জোন।

আরও পড়ুন:

বিশ্বকাপের মূল রোমাঞ্চ যেখানে ছড়াবে, সেই ‘এস্তাদিও গুয়াদালাহারা’ বা স্থানীয়ভাবে পরিচিত ‘আকরণ স্টেডিয়াম’ এখন সম্পূর্ণ প্রস্তুত। এ চোখ ধাঁধানো মাঠেই অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের চারটি হাইভোল্টেজ ম্যাচ।

আগামী ১১ জুন দক্ষিণ কোরিয়া বনাম চেক প্রজাতন্ত্রের ম্যাচ দিয়ে শুরু হবে এখানকার বিশ্বকাপ মিশন। আর ২৬ জুনের স্পেন বনাম উরুগুয়ের ব্লকবাস্টার ম্যাচটিকে ঘিরে এখনই চড়ছে পারদ। মেক্সিকোর মাটিতে এবারই প্রথম কোনো টুর্নামেন্টের ম্যাচ খেলবে স্পেন। আর এ ঐতিহাসিক লড়াই দেখতে গ্যালারিতে হাজির থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে।

তবে উৎসবের আবহের মাঝেই বড় চ্যালেঞ্জ মেক্সিকোর অভ্যন্তরীণ নিরাপত্তা। গত ফেব্রুয়ারিতে মোস্ট-ওয়ান্টেড ড্রাগ লর্ড ‘এল মেনচো’র মৃত্যুর পর গুয়াদালাহারা জুড়েই ছড়িয়ে পড়েছিলো সহিংসতা। তাই বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন যৌথভাবে জোরদার করেছে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল।

সব শঙ্কা উড়িয়ে ফুটবল বিশ্বকে একটি জাঁকজমকপূর্ণ উৎসব উপহার দিতে এখন সগৌরবে প্রস্তুত মেক্সিকোর গুয়াদালাহারা।

এসএইচ