দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ—‘ফিফা বিশ্বকাপ’। প্রথমবারের মতো ৪৮ দলের এ আসরের পর্দা উঠবে মেক্সিকো সিটিতে। আর উদ্বোধনী ম্যাচ দিয়েই শুরু হবে গ্রুপ ‘এ’র লড়াই। যেখানে আছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র।
স্বাগতিক হওয়ার সুবাদে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া মেক্সিকোর সামনে এবার বাড়তি প্রত্যাশার চাপ। তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করছে এল ট্রাইকালাররা। কোচ হ্যাভিয়ের অ্যাগুইরের অধীনে স্বাগতিকদের স্বপ্নসারথী হিসেবে আছেন রাউল গিমেনেজ, এডসন আলভারেজ, গুইলের্মো ওচোয়ারা।
মেক্সিকোর অগ্রযাত্রায় চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত থাকবে দক্ষিণ কোরিয়া। এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে এবারও দ্য রেডরা নকআউট পর্বে যাওয়ার দাবিদার। সন হিউং-মিনের নেতৃত্বে কোরিয়ানদের লক্ষ্য হবে গ্রুপ সেরা হওয়া।
আরও পড়ুন:
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ মঞ্চে ফিরছে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালে নিজেদের দেশে সর্বশেষ বিশ্বকাপ খেলেছিল আফ্রিকার দলটি। বাফানা বাফানারা এবার ফিরছে নতুন স্বপ্ন নিয়ে। যদিও ফিফা র্যাঙ্কিং ও অভিজ্ঞতায় গ্রুপের অন্যদের তুলনায় পিছিয়ে তারা। দলে বড় তারকা না থাকলেও দেশের জন্য সেরাটা দিতে প্রস্তুত লাইল ফস্টার, রন উইলিয়ামসরা।
ইউরোপের প্রতিনিধি চেক প্রজাতন্ত্র হতে পারে এই গ্রুপের চমক। প্রায় দুই দশক পর বিশ্বকাপে ফেরা দলটি প্লে-অফ পেরিয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে। প্যাট্রিক শিয়েকদের গোল করার সামর্থ্য ঘুরিয়ে দিতে পারে যেকোনো ম্যাচের মোড়।
বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১১ জুন দিবাগত রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একই দিনে লড়বে বাকি দুই দলও। নতুন ফরম্যাটে শীর্ষ দুই দলের পাশাপাশি সেরা তৃতীয় স্থানধারীদেরও সুযোগ থাকায় প্রতিটি ম্যাচই হবে গুরুত্বপূর্ণ।





