পিছিয়ে পড়েও দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়া
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
1

এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারায় পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে হিউয়েন মিন সনের দল।

নিজ দেশের ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড নিয়েই বিশ্বকাপে এসেছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান জায়ান্টের দিকে বাড়তি নজর আছে ফুটবল বিশ্বের। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুটাও দারুণ করেছে তায়েগুক ওয়ারিয়র্স। পিছিয়ে পড়েও দারুণ ফুটবলে শেষ হাসিটা হেসেছে তারাই। ইউরোপিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার জয় ২-১ ব্যবধানে।

প্রথমার্ধের ১৩ মিনিটের মধ্যেই অন্তত তিনবার দারুণ সুযোগ পেয়েছে হিউয়েন মিন সনের দল। তবে চেকিয়ার রক্ষণের সামনে বারবার বাধা পেয়েছে তারা। মাতেজ কোভার একাধিকবার ত্রাতা হয়েছেন দলের জন্য। হিউয়েন মিন সন সুযোগ পেয়েও বল মেরেছেন বাইরে। চেক প্রজাতন্ত্র সে তুলনায় কিছুটা রক্ষণাত্মক হয়েই পার করেছে প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধে খেলার ধারার বিপরীতে প্রথম গোলও পেয়েছে তারাই। ৫৯ মিনিটে লাদিস্লাভ ক্রেইচি কর্নার থেকে আসা বলে মাথা ছুঁইয়ে এগিয়ে দেন চেকদের। তবে চেকিয়া অধিনায়কের গোলের আনন্দ টিকলো আট মিনিট। কাং-ইন লির পাস থেকে ঠান্ডা মাথার দুর্দান্ত এক ফিনিশে কোরিয়াকে ম্যাচে ফেরান ডিফেন্সিভ মিডফিল্ডার হোয়াং ইন-বম। ২০২৩ সালের পর থেকে এটিই তার প্রথম গোল।

ম্যাচটা কোরিয়াকে জিতিয়েছেন তাদের সুপারসাব ওহ-হিউয়েন গিউ। ৬৯ মিনিটে বদলি নেমে ১১ মিনিটের মাথায় স্কোরশিটে নাম তোলেন এই স্ট্রাইকার। হোয়াং ইন-বমের ক্রসে পা ছুঁইয়ে দলকে জয়সূচক গোল এনে দেন তিনি। এ জয়ের সুবাদে গ্রুপ-এ তে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। আর চেক প্রজাতন্ত্র আছে তিনে।

জেআর