বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে দলে একাধিক পরিবর্তনের পথে হাঁটছে আর্জেন্টিনা। শুক্রবার অনুশীলনে প্রায় পুরোপুরি একটি বিকল্প একাদশ নিয়ে প্রস্তুতি সেরেছেন কোচ লিওনেল স্কালোনি।
প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে আগেই গ্রুপ 'জে' এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই রাউন্ড অফ ৩২ এর ম্যাচের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পাশাপাশি, যাদের এখনও মাঠে নামানো হয়নি, তাদের সুযোগ করে দিতে চান আলবিসেলেস্তাদের গুরু।
তবে অনুশীলনে গোলরক্ষক হিসেবে হুয়ান মুসো খেললেও ম্যাচে এমি মার্টিনেজই শুরুর একাদশে থাকবেন বলে জানা গেছে। এছাড়া ক্লোজ ডোরে হওয়া এই অনুশীলন ম্যাচে রক্ষণভাগে ছিলেন গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি ও নিকোলাস তাগলিয়াফিকো।
মিডফিল্ডে লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে ছিলেন এজেকিয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো, ভালেন্তিন বার্কো এবং জুলিয়ানো সিমেওনে। আক্রমণভাগে নিকো পাজকে খেলানো হয়েছে হুলিয়ান আলভারেজের পেছনে। চলতি বিশ্বকাপে মেসি বাদে অন্য কোন আর্জেন্টাইন এখনো গোল করতে না পারায় তাকে ছাড়া কেমন করবে দল সেটিই পরীক্ষা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। যার ফলে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে না ও দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে
তবে দ্বিতীয়ার্ধে অধিনায়ককে মাঠে নামানো হতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনা ভিত্তিক গণমাধ্যম। নকআউট পর্বের আগে ঝুঁকি না নিয়ে দলের শক্তিমত্তা যাচাই করাই এখন মূল লক্ষ্য আকাশী সাদাদের।





